×

বিএনপি

ডিসেম্বর জুড়ে বিএনপির মহাপরিকল্পনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম

ডিসেম্বর জুড়ে বিএনপির মহাপরিকল্পনা

ছবি : সংগৃহীত

ডিসেম্বর মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির লক্ষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করা এবং বিজয়ের মাসে রাজনৈতিক মাঠে সক্রিয় থাকা। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করতে সংসদের ভেতরে ও বাইরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে দলটি। এ লক্ষ্যে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে বৈঠকের বিষয়েও ভাবছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপি নেতাদের ধারণা, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগকে চাঙ্গা রাখা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির কৌশল। এ সময়ে যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা মোকাবিলায় কঠোর অবস্থানে থাকবে দলটি। ফ্যাসিবাদী শক্তির সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে মাঠে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে কোনো ধরনের অস্থিরতা বরদাশত করা হবে না—এমন নির্দেশনা ইতোমধ্যে সাংগঠনিক সম্পাদকদের দেওয়া হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থক কোনো গোষ্ঠীর অপতৎপরতা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করবে বিএনপি। সরকারও এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অস্থিতিশীলতা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি পাশের দেশ থেকে তাদের এ দেশীয় এজেন্টদের দিয়ে পরিকল্পিতভাবে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সরকার। ব্যাপকভাবে পুলিশি অভিযান চলছে। পাড়া-মহল্লায় কিশোর গ্যাং থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে সরকার। সমাজে যারা অশান্তি সৃষ্টি করবে, তারা কোনো রেহাই পাবে না; তাদের আইনের হাতে আসতেই হবে।’

তিনি আরও বলেন, ‘দল হিসেবে আমরা পতিত ফ্যাসিস্ট শক্তির সন্ত্রাসী কার্যকলাপের তথ্য দেশবাসীর সামনে তুলে ধরছি। তাদের অন্যায় তৎপরতার বিরুদ্ধে আমরা প্রত্যেকে সতর্ক আছি, যাতে কেউ কোনো নাশকতার পরিকল্পনা করতে না পারে।’

হাসিনার ফেরার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার বিষয়টি আলোচনায় রয়েছে।

এমন পরিস্থিতিতে চলতি বছরের আগস্টে ভারতে অবস্থান করেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন শেখ হাসিনা। এ জন্য নতুন পাসপোর্টের আবেদন করার খবরও প্রকাশিত হয়। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং দেশে ফিরতে চাইলে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করার কথা জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আগে গত সোমবার বিএনপির সংসদীয় দলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

সংসদীয় দলের ওই সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার—আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে একধরনের ‘ন্যারেটিভ’ তৈরির চেষ্টা হচ্ছে বলে মনে করেন বিএনপি নেতারা। এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য নিরীহ মানুষকে হত্যার অভিযোগ ও মামলা রয়েছে। একটি মামলায় এরই মধ্যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। অথচ তাকে দেশে ফেরানো নিয়ে এমনভাবে আলোচনা হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে গেছেন। তাকে গোলাপ, হাসনাহেনা কিংবা বেলি ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এটি একটি আইনি বিষয়। সুতরাং দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাবর্তনের বিষয়টি আসতে পারে না। তাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরতে হবে।’

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতাদের মতে, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন না। বরং এ ঘোষণার মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক মাঠ গরম রাখা এবং দলকে চাঙা করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে নাশকতা মোকাবিলায় অন্য রাজনৈতিক দলগুলোকেও পাশে চায় বিএনপি।

গত বুধবার সংসদের চতুর্থ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আওয়ামী লীগবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তার এ আহ্বানকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্র জানায়, জাতীয় ঐক্যের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তারেক রহমান। এ নিয়ে আলোচনা চললেও বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এবার জোট বা দলের শীর্ষ নেতাদের নিয়ে সংক্ষিপ্ত পরিসরে বৈঠক হতে পারে। এর আগে গত ২০ জুলাই যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া ৪১টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডিসেম্বরজুড়ে কর্মসূচি চূড়ান্তের প্রস্তুতি

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গত মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় সভা, পাড়া-মহল্লায় প্রচার ও আন্দোলন, শোভাযাত্রা এবং সমাবেশের মতো কর্মসূচির প্রস্তাব এসেছে। শিগগিরই তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত করা হতে পারে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘গণঅভ্যুত্থানের মুখে পলাতক ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে যেকোনো মূল্যে এটা মোকাবিলা করতে হবে। স্থানীয়ভাবে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের অভিজ্ঞতা বলে শেখ হাসিনা আসবেন না। কিন্তু তার এই আসি আসি বলার মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার এবং গণঅভ্যুত্থানে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। এ অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের নৈতিক দায়িত্ব। এজন্য যা যা করা প্রয়োজন, কঠোর হাতে তা প্রয়োগ করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গে ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

 আজও ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

আজও ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

নিরাপত্তার চাদরে পুরো দেশ

নিরাপত্তার চাদরে পুরো দেশ

রসগোল্লা বলে দেওয়া হলো বোমা, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু

রসগোল্লা বলে দেওয়া হলো বোমা, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App