সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বান্দরবানের লামা উপজেলার সাতজন এবং বাকিরা কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ উপজেলার বাসিন্দা।
এসআরবি জানায়, দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বাড়িতে লোকজনকে জড়ো করার খবর পেয়ে শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়। এসআরবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন পাচারকারীরা পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় বাড়িটি তল্লাশি করে ১৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুঁড়েঘর থেকে বিসিএস ক্যাডার, তুরি জাতিসত্তার মধ্যে প্রথম জজ হতে যাচ্ছেন কাজল
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, অর্থের বিনিময়ে তাদের সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল। পাচারকারীরা তাদের বিদেশে নিয়ে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে এসআরবি।
পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধার হওয়া ব্যক্তিরা কীভাবে ওই বাড়িতে এসেছিলেন এবং তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা ১৭ জনকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
