মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে যাত্রীবোঝাই একটি বিলাসবহুল প্রমোদতরী। বন্দরে নোঙর করে থাকা জাহাজটিকে নিয়ন্ত্রণ হারানো একটি ট্যাংকার ধাক্কা দিলে সেটি একদিকে কাত হয়ে ডুবে যায়। এ সময় প্রাণ বাঁচাতে যাত্রীদের হুড়োহুড়িতে অনেকে নদীতে পড়ে যান। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ নিহত বা নিখোঁজ হননি। আহত হয়েছেন অন্তত ৩২ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
এক সংবাদ সম্মেলনে নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরিনো জানান, পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করতে বন্দরের কর্মী, দমকলকর্মী ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে আসেন। ধাক্কা খাওয়া প্রমোদতরীটির সব যাত্রীর খোঁজ পাওয়া গেছে।
কোনো যাত্রী নিখোঁজ বা নিহত না হওয়ায় ঘটনাটিকে ‘মিসিসিপিতে অলৌকিক ঘটনা’ বলে বর্ণনা করেছেন তিনি। মোরিনো জানান, আমেরিকান ক্রুজ লাইন্সের প্যাডেল হুইলার আমেরিকান হ্যারিটেজের ৩২ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের কারও আঘাতই গুরুতর নয়।
দুর্ঘটনার সময় আমেরিকান হ্যারিটেজে প্রায় ১৮০ থেকে ১৯০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন বলে জানান মেয়র।
আমেরিকান ক্রুজ লাইন্স তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রমোদতরীটির যাত্রী ধারণক্ষমতা ১৫০ জন। ২০১৫ সালে এটি তৈরি করা হয়।
মোরিনো জানান, দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় আটলান্টিক অ্যাসফল্ট নামের একটি ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে নোঙর করে থাকা প্রমোদতরীটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীরা দ্রুত জাহাজ থেকে বের হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে প্রমোদতরীটি একদিকে কাত হয়ে উল্টে যায় এবং কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।
নিউ অরলিন্স বন্দরের পুলিশ প্রধান মেলানি মনট্রোল জানান, আমেরিকান হ্যারিটেজ ডুবে যাওয়ার আগে প্রায় ৮৭ জন যাত্রী জাহাজটি থেকে নেমে যেতে সক্ষম হন।
প্রাণহানি এড়ানোর জন্য দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল পর্যায়ের কর্মীদের পাশাপাশি আশপাশের নৌযানে থাকা প্রত্যক্ষদর্শীদের কৃতিত্ব দিয়েছেন মেয়র মোরিনো।
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এক ইমেইল বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের পর আশপাশের এলাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহ্যাম স্থানীয় গণমাধ্যম নিউ অরলিন্স অ্যাডভোকেটকে জানান, ট্যাংকারটির স্টিয়ারিং ব্যবস্থায় কোনো ধরনের ত্রুটি দেখা দিয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
আমেরিকান ক্রুজ লাইন্স এক ইমেইল বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে কোস্টগার্ড ও স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে তারা।
সূত্র: রয়টার্স।
