×

ময়মনসিংহ

গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

ছবি: ভোরের কাগজ

পাহাড়ের আঁকাবাঁকা পথ, ঘন বন আর উঁচু উঁচু গাছ। ভোরের আলো ফুটতেই জীবিকার সন্ধানে বনের গভীরে ছুটে চলেন তাঁরা। কারও হাতে লম্বা বাঁশ, কারও কাঁধে ডিম রাখার ঝুড়ি। লক্ষ্য একটাই—গাছের ডালে পিঁপড়ার বাসা খুঁজে ডিম সংগ্রহ করা। দিন শেষে সেই ডিম বিক্রির টাকাতেই চলে সংসারের খরচ, জোটে পরিবারের মুখের খাবার। এভাবেই শেরপুরের গারো পাহাড়ে পিঁপড়ার ডিম সংগ্রহকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুই থেকে তিনশ মানুষের মৌসুমি জীবিকার এক ব্যতিক্রমী জগৎ।

শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের প্রায় ৪০ কিলোমিটার বনাঞ্চলজুড়ে পাহাড়ি গ্রামগুলোতে বছরের তিন থেকে চার মাস চলে এই কর্মযজ্ঞ। এ সময়ে পাহাড়ি এলাকায় বিকল্প কাজের সুযোগ কম থাকায় কারও কাছে এটি বাড়তি আয়ের উৎস, আবার কারও কাছে পরিবারের ভরণপোষণের প্রধান অবলম্বন। জীবিকার তাগিদে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বনের গভীরে কিংবা উঁচু গাছে উঠে ডিম সংগ্রহ করেন তাঁরা।

গারো পাহাড়ের শাল, গজারি, মেহগনি, আম ও লিচুসহ বিভিন্ন গাছে বাসা বাঁধে একধরনের বড় লাল পিঁপড়া। নিজেদের ডিম সুরক্ষিত রাখতে গাছের ডালের অগ্রভাগে চার-পাঁচটি পাতা লালা দিয়ে জোড়া লাগিয়ে বাসা তৈরি করে তারা। পাতার ভাঁজে তৈরি সেই বাসার ভেতরেই থাকে পিঁপড়ার ডিম। প্রকৃতির এই ক্ষুদ্র প্রাণীর বাসাই এখন পাহাড়ের বহু অসচ্ছল পরিবারের কাছে আয়ের অন্যতম উৎস।

পিঁপড়ার ডিম সংগ্রহকারী রাংটিয়া গ্রামের সাকিব, শামীম, শাহজাহান, জুলহাস ও রতন কোচের সঙ্গে কথা বলে জানা যায়, লম্বা বাঁশের মাথায় কাপড়ের জাল বেঁধে গাছের ডাল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করা হয়। একটি বড় বাসা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম ডিম পাওয়া যায়। একজন সংগ্রহকারী দিনে গড়ে ৫০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারেন। রাংটিয়া বউ বাজারে প্রতিদিন বসে পিঁপড়ার ডিমের বাজার। সেখানে প্রতি কেজি ডিম বিক্রি হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। পরে কার্টনে ভরে এসব ডিম পাঠানো হয় পাইকারদের কাছে।

পিঁপড়ার ডিমের প্রধান ক্রেতা শৌখিন মাছ শিকারিরা। বড়শিতে মাছ ধরার টোপ হিসেবে এসব ডিমের বিশেষ চাহিদা রয়েছে। মাছ ধরার মৌসুমে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও। এ ছাড়া পোষা পাখির খাবার হিসেবেও এর ব্যবহার রয়েছে। স্থানীয় পাইকাররা সংগ্রহকারীদের কাছ থেকে ডিম কিনে প্যাকেটজাত ও কার্টনে ভরে ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন শহরের দোকানে পাঠান।

ডিম সংগ্রাহক অনন্ত সাহা বলেন, ‘আগে পাহাড়ে প্রচুর ডিম পাওয়া যেত। এখন গাছপালা কমে যাওয়ায় পিঁপড়ার বাসাও কমে গেছে। তবু আয়-রোজগারের আশায় প্রতিদিন ভোর থেকে ডিম খুঁজে বেড়াই। এই কাজ করে যা পাই, তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করি।’

কাজটির কষ্টের কথা জানিয়ে আরেক সংগ্রাহক মহা কোচ বলেন, ‘পিঁপড়ার কামড়ে ম্যালা কষ্ট হয়। কিন্তু আয় আর সংসারের কথা ভেবে সহ্য করতে হয়। এখন এ কষ্ট সয়ে গেছে।’

স্থানীয় ক্রেতা ইলিয়াস উদ্দীন (৪২) বলেন, ‘আমরা স্থানীয় বাজার থেকে ডিম সংগ্রহ করার পর প্যাকেটজাত করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাই। বর্ষা ও শীত মৌসুমে লাল পিঁপড়ার ডিমের জোগান বেশি থাকে। তখন বিক্রিও ভালো হয়।’


তবে এই জীবিকার পথ মোটেও মসৃণ নয়। ডিম সংগ্রহ করতে গিয়ে পিঁপড়ার কামড়ের পাশাপাশি বনের মধ্যে হাতি, সাপ ও মৌমাছির আক্রমণের ভয়ও রয়েছে। কখনো উঁচু গাছে ওঠার ঝুঁকি, কখনো বনের দুর্গম পথে ঘুরে বেড়ানো—সব মিলিয়ে প্রতিটি দিনই তাঁদের জন্য একেকটি চ্যালেঞ্জ। তার ওপর আগের তুলনায় গাছপালা ও পিঁপড়ার বাসা কমে যাওয়ায় সংগ্রহকারীদের আয়ও অনিশ্চিত হয়ে পড়ছে।

এ বিষয়ে রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, বনাঞ্চল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহের ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পিঁপড়ার ডিম নষ্ট হওয়ার কারণে পাহাড়ে অতিথি পাখির আগমনও কমতে শুরু করেছে। তিনি পিঁপড়ার ডিম সংগ্রহকারীদের এ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তারপরও জীবিকার তাগিদে প্রতিদিন পাহাড়ের বনে ছুটছেন এসব মানুষ। পিঁপড়ার ক্ষুদ্র ডিম বিক্রির টাকায় জোগাড় করছেন সংসারের চাল-ডাল, সন্তানদের মুখে তুলে দিচ্ছেন খাবার। গারো পাহাড়ের আদিবাসী ও বাঙালি জনগোষ্ঠীর এসব মানুষের কাছে পিঁপড়ার ডিম শুধু মাছ ধরার টোপ কিংবা বিক্রির পণ্য নয়; এটি বেঁচে থাকার অবলম্বন, অভাবের সংসারে আশার আলো এবং জীবনসংগ্রামে টিকে থাকার এক নীরব গল্প। তবে জীবিকার এই উৎস সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার মধ্যে সমন্বয় করা এখন সময়ের দাবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

বিমানমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App