×

জাতীয়

বিমানমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শনিবার বেবিচক-এর সম্মেলন কক্ষে টার্মিনালের উদ্বোধন ও কার্যক্রম শুরু বিষয়ক প্রস্তুতি সভায় কথা বলেন। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালের কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে এর পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালটি আংশিকভাবে চালু হবে। প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট নিয়ে কার্যক্রম শুরু হবে।’

মন্ত্রী আরও বলেন, পরবর্তী সময়ে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে টার্মিনালের উদ্বোধন ও কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। এ সময় অংশীজনেরা প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে মতামত বিনিময় করেন এবং টার্মিনালটি চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো চিহ্নিত করেন।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনালটি কার্যকর করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’

মন্ত্রী আরও বলেন, প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার ধারাবাহিক প্রচেষ্টায় টার্মিনালটি এখন কার্যক্রম শুরুর পর্যায়ে পৌঁছেছে। সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতায় আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির কার্যক্রম শুরুর লক্ষ্য অর্জন সম্ভব হবে।

সভায় ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং মন্ত্রণালয়, বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

বিমানমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App