এসপি জাহাঙ্গীরকে রিমান্ডে নেওয়ার পর যা জানা গেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
ফাইল ছবি
আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে মোবাইল ফোনে পাঠানো বার্তা এবং দলটির নেতাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন না চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রিমান্ডে থাকা এই পুলিশ কর্মকর্তাকে বেশ কিছু সুনির্দিষ্ট বিষয় সামনে রেখে জিজ্ঞাসাবাদ করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কর্মকর্তারা। তবে তদন্ত-সংশ্লিষ্টদের প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সিএমপির এসআরইউ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিবিড় জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাওয়া হচ্ছে, ‘ডিসেম্বরে জীবন-মরণ বাজি রেখে মাঠে নামা’ এবং ‘জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’—এ ধরনের বার্তা তিনি কাদের কাছে পাঠিয়েছিলেন এবং কী উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। তবে এসব প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। গতকাল পর্যন্তও এ বিষয়ে তিনি মুখ খোলেননি।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ নেতাদের একটি টেলিগ্রাম গ্রুপেও যুক্ত ছিলেন। মামলার এজাহারেও এ বিষয়ে উল্লেখ রয়েছে।
এদিকে এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হওয়ার পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে পরিচিত অন্য পুলিশ কর্মকর্তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়েছে, পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন। বিশেষ করে, অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের মূল উৎস কোথায় এবং এর নেপথ্য পরিকল্পনা কারা তৈরি করেছে, তা নিবিড়ভাবে তদন্ত করতে হবে।
আবেদনে আরও বলা হয়, বর্তমান রাষ্ট্রকাঠামো উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আর কারা জড়িত, তা দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দেশে বা বিদেশে বসে আসামিকে কারা অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা অন্য কোনো ধরনের সহায়তা দিয়ে আসছিলেন, তা-ও খুঁজে বের করা প্রয়োজন। রাষ্ট্র অচল করার এই কৌশলের পেছনে দেশি বা বিদেশি কোনো সংস্থা কিংবা কুচক্রী মহলের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ জানান, রোববার সন্ধ্যা থেকে এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। তাই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
