জিয়াউল আহসানের বিচার হবে ভার্চ্যুয়ালি: ট্রাইব্যুনাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
ফাইল ছবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে এখন থেকে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি বিচার কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। একই মামলার অন্য কোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে, আদালতে আসতে না চাইলে কিংবা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তাঁর ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে।
সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল জানান, কোনো আসামি অসুস্থ থাকলেও তাঁকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করা যাবে।
বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, শাপলা চত্বর মামলায় জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি হাজির করার আবেদন করেছিল প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেছেন। এখন থেকে তাঁকে কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, আদেশটি শুধু জিয়াউল আহসানের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এ মামলার কোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে কিংবা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তাঁকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে। কোনো আসামি আদালতে আসতে না চাইলে বা দীর্ঘ সময় অনুপস্থিত থাকলেও তাঁর ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে।
এর আগে সোমবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি হাজির করার বিষয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হবে।
তখন চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, জিয়াউল আহসান যেসব মামলার আসামি, সেগুলোর কার্যক্রমে তিনি ও তাঁর আইনজীবী বোন বাধা সৃষ্টি করছেন। তিনি বলেন, সোমবার সকাল থেকে জিয়াউল আহসান ট্রাইব্যুনালে আসতে চাইছিলেন না। কখনো অসুস্থতার কথা বলছিলেন, আবার কখনো কর্তব্যরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। শেষ পর্যন্ত জেল কর্তৃপক্ষ তাঁকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসে।
আমিনুল ইসলাম আরও বলেন, নিরাপত্তার স্বার্থে সব আসামিকে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছিল। তবে জিয়াউল আহসানের এসব আচরণের কারণে আদালতের কার্যক্রম বিলম্বিত হয়েছে।
প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সোমবার বরখাস্ত হওয়া মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গুম ও হত্যার অভিযোগেও সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার চলছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।
