×

ক্রিকেট

বিসিবি সভাপতি

‘বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে বার্তা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম

‘বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে বার্তা’

ফাইল ছবি

ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের আনন্দের রেশ এখন মিরপুরেও। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বিসিবি কার্যালয়—সবখানেই উচ্ছ্বাস। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে এমন জয়কে বাংলাদেশের ক্রিকেটের বড় অর্জন হিসেবে দেখছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

ডারউইনে প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়ার ওপর চাপ ধরে রাখে বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতে জয়ের অপেক্ষা থাকলেও দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।

রোববার (১৬ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, এই সাফল্যের পুরো কৃতিত্ব ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। বোর্ডের কাজ ছিল দলকে প্রয়োজনীয় সহায়তা, সুযোগ-সুবিধা ও দিকনির্দেশনা দেওয়া।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো দলের জন্য খেলাটা কঠিন। ২৩ বছর পর সেখানে গিয়ে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলে জিতেছে, এর কৃতিত্ব পুরোপুরি খেলোয়াড়দের। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরাও সমানভাবে কৃতিত্বের দাবিদার। বোর্ড শুধু তাদের সহায়তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার কাজ করেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়ে তামিম বলেন, ক্রিকেটাররা সাধারণত এসব নিয়ে বেশি মাথা ঘামান না। সমালোচনা থাকবেই। তবে ডারউইনের জয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটিকে অন্যতম বড় জয় উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা সবাই এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি, এখান থেকে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে। এই জয় আন্তর্জাতিক ক্রিকেটে বড় একটি বার্তা দেবে। এটি শুধু একটি জয় নয়, একটি শক্তিশালী বার্তা।’

বড় দলগুলোর বিপক্ষে আরও সিরিজ চান তামিম

ডারউইনের সাফল্যকে ভবিষ্যৎ ক্রিকেট কূটনীতিতেও কাজে লাগাতে চায় বিসিবি। তামিম জানান, সামনে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) নিয়ে আলোচনায় এই জয় বাংলাদেশের অবস্থান শক্ত করতে পারে।

আরও পড়ুন: আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি: মিরাজ

তিনি বলেন, ‘আগামী মাসে এফটিপি বৈঠক হবে। সেখানে অন্য দলগুলোকে রাজি করিয়ে আরও ভালো সিরিজ নেওয়ার চেষ্টা করব। এই জয় আলোচনায় আমাদের সাহায্য করবে। এফটিপিকে যতটা সম্ভব প্রতিযোগিতামূলক করার পাশাপাশি বড় দলগুলোর বিপক্ষে খেলার চেষ্টা থাকবে।’

পেসারদের বিশেষ প্রশংসা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় এসেছে তিন বিভাগেই দারুণ পারফরম্যান্সের ওপর ভর করে। ম্যাচের ১১টি সেশনের কোনো পর্যায়েই অস্ট্রেলিয়া বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারেনি। প্রথম দিনেই অবশ্য জয়ের ভিত্তি তৈরি করে দেন পেসাররা। তিন পেসারের দাপটে ১৯৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

পেস বোলিংয়ের উন্নতিতে সাবেক কোচ শন টেইট ও বর্তমান কোচ তালহা জুবায়েরের অবদানের কথাও আলাদাভাবে উল্লেখ করেন তামিম।

তিনি বলেন, ‘প্রতিটি সেশন জেতা এবং ম্যাচ জেতা অসাধারণ অর্জন। এর কৃতিত্ব খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। শন টেইট খুব ভালো কাজ করেছেন। তিনি চলে যাওয়ার পর তালহা জুবায়ের দায়িত্ব নিয়েছেন। টেইট যে মান রেখে গেছেন, তালহা সেটি ধরে রেখেছেন এবং ভালো করছেন। তার প্রশংসা করা উচিত।’

টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের সম্ভাবনা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে থেকে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। ডারউইনের জয়ে অবস্থান আরও শক্ত হয়েছে। ফলে ফাইনালে খেলার সম্ভাবনাও আলোচনায় এসেছে।

তামিম অবশ্য এখনই এ নিয়ে বেশি দূর ভাবতে চান না। তিনি বলেন, ‘গাণিতিকভাবে ফাইনালে যাওয়া সম্ভব। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দল এখন যে ধরনের ক্রিকেট খেলছে, সেটি ধরে রাখা।’

সামনে বাংলাদেশের ঘরের মাঠে চারটি, দক্ষিণ আফ্রিকায় দুটি এবং অস্ট্রেলিয়ায় আরও একটি টেস্ট রয়েছে জানিয়ে তিনি বলেন, দল এভাবে খেলতে থাকলে যেকোনো কিছুই সম্ভব। তবে ফাইনালের হিসাবের চেয়ে আপাতত ধারাবাহিক পারফরম্যান্সেই মনোযোগ দিতে চান তিনি।

ডারউইনের জয় তাই বাংলাদেশের জন্য শুধু একটি ঐতিহাসিক টেস্ট জয় নয়—তামিমের মতে, এটি বিশ্ব ক্রিকেটে দেশের সক্ষমতা ও সম্ভাবনার একটি বড় বার্তাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি-পদায়ন

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি-পদায়ন

অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মৎস্য পদক’ পেল এফডিএ

অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মৎস্য পদক’ পেল এফডিএ

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু, ২৭ বছর বয়সে থামল জীবন

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু, ২৭ বছর বয়সে থামল জীবন

সরু সিঁড়ি-পানি সংকট, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

হেলমেট গুদামে আগুন সরু সিঁড়ি-পানি সংকট, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App