×

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড নিলো দক্ষিণ আফ্রিকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড নিলো দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা অস্বস্তির মধ্যে পড়েছিল। তখনও বাংলাদেশের চেয়ে তারা ২৪ রানে পিছিয়ে ছিল। দলের অবস্থা দেখে রায়ান রিকেলটন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ১০০ রানের লিড নিতে পারলেই যেন স্বস্তি পান তারা। এই ব্যাটারের লক্ষ্য পূরণ হয়েছে, বরঞ্চ তার কথা বিবেচনা করলে চাওয়ার চেয়ে বেশিই পেয়েছে প্রোটিয়ারা। এদিন একটি শতাধিক ও চল্লিশোর্ধ্ব দুটি জুটিতে ১৫৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

৭ উইকেটে ৩৮৬ রানে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তখনও তারা ১৪ রানে পিছিয়ে। চতুর্থ দিন রিকেলটন ও কাগিসো রাবাদার অনবদ্য জুটিতে তারা চ্যালেঞ্জিং লিড নিয়েছে। অথচ বাংলাদেশ এই ইনিংসে চতুর্থ ক্যাচ না ফেললে এবং হাসান মাহমুদের উইকেট নেওয়া বলটি নো না হলে গল্পটা ভিন্ন হতে পারত।

৫৬ রানে অপরাজিত রিকেলটন ও ৫ রানে রাবাদা খেলতে নামেন। রিকেলটন তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে থেমেছেন। টানা দ্বিতীয় ম্যাচে শতক ছুঁলেন এই ব্যাটার। নবম উইকেটে রাবাদার সঙ্গে ১১৭ রানের জুটি গড়েন তিনি। এরপর বাংলাদেশি ফিল্ডারের হাত ফসকে জীবন পেয়ে রাবাদা ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন। অথচ ৩৮ রানেই তার মাঠ ছাড়ার কথা। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাত ফসকে চারের দেখা পান তিনি।

রিকেলটন প্যাভিলিয়নে ফিরলে আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া টেম্বা বাভুমা মাঠে নেমে এক রান করে ফিফটির দেখা পান। রাবাদা এদিন মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় শিকার হন আগের দুই বলে টানা দুটি ছক্কা মেরে। ৯৩ বলে রাবাদা ৭২ রান করে আউট হন। ১০টি চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। তাকে স্টাম্পিং করে আটটি ডিসমিসালের দেখা পান লিটন দাস, যা এক ইনিংসে বিশ্ব রেকর্ড। রাবাদাকে ফিরিয়ে পাঁচ উইকেটকিপারকে ছাপিয়ে যান লিটন। এর আগে এক ইনিংসে সাতটি ডিসমিসালে যৌথভাবে শীর্ষে ছিলেন ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভা।

ডেন প্যাটারসন ও বাভুমা শেষ জুটিতে আরও ৪৫ রান যোগ করেন। ১১ রানে প্যাটারসনের লেগ স্টাম্প উড়িয়ে দেন হাসান। কিন্তু নো বলের কারণে তার পঞ্চম উইকেট নেওয়া হয়নি। জীবন পেয়ে এই লেজের ব্যাটার পরের দুই ওভারে ছয় ও চার মারেন। অবশেষে তাদের জুটি ভাঙে দলগত ৫৫৭ রানে। ২৭ বলে ২৯ রানে ইবাদত হোসেনের শিকার হন প্যাটারসন। ৬৮ রানে অপরাজিত ছিলেন বাভুমা।

হাসান সর্বোচ্চ চার উইকেট নেন। মিরাজ ও তাসকিন পান দুটি করে উইকেট। তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতনের হিসাবে ভুল

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতনের হিসাবে ভুল

সহিংসতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ২১ নভেম্বর

সহিংসতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ২১ নভেম্বর

এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের

এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App