রাজধানীতে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে কারাদণ্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মেরুল বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত এলাকায় র্যাব-১-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে আট মাদক কারবারি ও সেবনকারী গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত র্যাব-১-এর সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩ এবং সদর কোম্পানি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামিম মিয়া (৩২), মো. জয় (২৩), মো. মিনকুল ইসলাম (৩৫), অভিজিত দেবনাথ (৩৯), মো. ছাব্বির হোসেন শিপন (২৩), মো. শাহদাত হোসেন (৩০), মো. স্বপন মিয়া (৪০) ও মো. মিলন (৩৩)।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের অপরাধের ধরন বিবেচনায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।
