ডিএমপির বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ৪৮২ জন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:২৫ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তার ৪৮২ জনের মধ্যে– রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ৪৪ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ৩৯ জন, উত্তরায় ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুন: ছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা
তিনি বলেন, অভিযানকালে একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, ৯টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, দুটি সিপিইউ, দুটি ট্যাব, ৫৫টি সিমকার্ড এবং নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন ও ৩২ কেজি গাঁজা।
তিনি আরো বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
