×

মধ্যপ্রাচ্য

তাহলে কি ইসরায়েলের মসনদ হারাচ্ছেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

তাহলে কি ইসরায়েলের মসনদ হারাচ্ছেন নেতানিয়াহু

ফাইল ছবি

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলোর শক্তিশালী জোট ‘জয়েন্ট লিস্ট’। গত সপ্তাহের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের পর নতুন সরকার গঠনের টানটান উত্তেজনার মধ্যেই বিরোধীদলীয় নেতা গাদি আইনজেনকোটকে প্রধানমন্ত্রী করার পক্ষে সমর্থন ঘোষণা করেছে জোট নেতারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক চূড়ান্ত সিদ্ধান্তে ১১টি আসন পাওয়া জয়েন্ট লিস্ট আনুষ্ঠানিকভাবে নতুন সরকারপ্রধান হিসেবে গাদি আইনজেনকোটকে সুপারিশ করার কথা জানায়। এর মধ্য দিয়ে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনে নিরঙ্কুশ গাণিতিক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন আইজেনকোট।

আলজাজিরার জানিয়েছে, নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন ডানপন্থি জোট মাত্র ৫৩ আসনে আটকে যাওয়ায় এবং বিরোধী জোটের সঙ্গে আরব দলগুলোর মোট আসনসংখ্যা ৬৭-এ পৌঁছে যাওয়ায় ক্ষমতা থেকে নেতানিয়াহুর বিদায় এখন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশের সিদ্ধান্ত আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে জানানো হবে। গত সপ্তাহের সাধারণ নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। ফলে পরবর্তী সরকার গঠনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এর আগে আরেকটি প্রধান আরব নেতৃত্বাধীন দল রা'ম জানিয়েছিল, তারাও আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের তথ্য অনুযায়ী, দুই পক্ষের সমর্থন মিলিয়ে আইজেনকোটের পক্ষে ৫৬ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে।

অন্যদিকে, বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের ৫৩টি আসন থাকলেও সব আসনের সমর্থন তিনি নাও পেতে পারেন। ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের মধ্যে চারটির অধিকারী দেগেল হা তোরাহ জানিয়েছে, তারা কোনো প্রার্থীকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে না।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের এই দলটি নেতানিয়াহুর জোট থেকে সরে এসেছে। হারেদি ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবা থেকে অব্যাহতি দেওয়ার আইন পাস করতে নেতানিয়াহুর জোট ব্যর্থ হওয়ায় দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল গ্রহণ করেছেন। নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নির্ধারণে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি।

বুধবার হারজগ জানান, তিনি রিলিজিয়াস জায়োনিজম, জেহুত, শাস ও ইসরায়েল বেইতেনু দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকার গঠনের দায়িত্ব কোন নেসেট সদস্যকে দেওয়া উচিত, সে বিষয়ে দলগুলোর সুপারিশ গ্রহণ করেছেন তিনি। হারজগ আরও জানান, বৃহস্পতিবারও দলগুলোর সঙ্গে আলোচনা চলবে।

আলোচনা শেষ হলে প্রেসিডেন্ট এমন একজন প্রার্থীকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, যাঁকে তিনি এ কাজে সবচেয়ে উপযুক্ত মনে করেন। এ ক্ষেত্রে সম্ভাব্য দুই প্রার্থী হলেন বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট।

সিদ্ধান্ত জানানোর জন্য প্রেসিডেন্ট কয়েক দিন সময় পাবেন। এরপর মনোনীত প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। তবে নেতানিয়াহু বা আইজেনকোট, কেউই সরকার গঠনে সফল না হলে আগামী বছরের শুরুতে ইসরায়েলে আবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রনির স্ত্রী পরিচয় দেওয়া কে এই নারী

রনির স্ত্রী পরিচয় দেওয়া কে এই নারী

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত

৫৭ জনকে উদ্ধার টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত

তাহলে কি ইসরায়েলের মসনদ হারাচ্ছেন নেতানিয়াহু

তাহলে কি ইসরায়েলের মসনদ হারাচ্ছেন নেতানিয়াহু

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App