স্বাস্থ্যমন্ত্রী
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ হাজারই নারী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় হাসপাতালটি থেকে নারায়ণগঞ্জসহ দেশের ১০টি জেলায় নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ স্বাস্থ্যকর্মীদের মাঠপর্যায়ে কাজ করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি নারীদের জন্য ১,৫০০ শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ও মূত্রনালির ক্যানসার চিকিৎসা, পুনর্বাসন ও প্রসূতি সেবা ইউনিট থাকবে।
তিনি আরো জানান, দেশের বিভিন্ন এলাকায় ১,০০০ শয্যার ২০টি আধুনিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রতিটি হাসপাতালে পাঁচটি উন্নতমানের অ্যাম্বুলেন্স থাকবে। এছাড়া জরুরি রোগী দ্রুত কেন্দ্রীয় হাসপাতালে স্থানান্তরের সুবিধার্থে চারটি হেলিকপ্টার সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার হাম রোগের প্রাদুর্ভাবসহ নানা স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। পূর্ববর্তী প্রশাসনের সময়ে টিকা ও কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত মজুত না থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তবে বর্তমান নেতৃত্বের নির্দেশনায় প্রয়োজনীয় হামের টিকা সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, চলতি বাজেটে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও জনগণের কাছে স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
