স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি : সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ সময়ে আহত হয়েছেন আরও ৪৯০ জন।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এসব তথ্য তুলে ধরেন।
সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির জানতে চান, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে। পাশাপাশি গত পাঁচ বছরে এসব ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। এছাড়া অপহরণের ঘটনা ঘটেছে ২৯৭টি, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ৪৭১টি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে ৩৭৭টি।
পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী মামলা করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংস করতে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।
