কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
ছবি : সংগৃহীত
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কোন এলাকায় কবে অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করতে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। একই বৈঠকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণ নিয়েও আলোচনা হবে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় কমিশন সভায় চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।
বৈঠকের আলোচ্যসূচিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে। প্রথমটি হলো পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি। দ্বিতীয়টি হলো স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টারসংক্রান্ত বিষয়।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনের ক্ষেত্রে উপজেলা সদর ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে। তবে কোন ইউনিয়নে কোন তারিখে ভোট হবে, সে বিষয়ে ১৬ নভেম্বরের কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
