সুন্দরবনে বন্ধ হচ্ছে রাতযাপন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ঋণ করে পর্যটকবাহী ট্রলার তৈরি করেছিলেন জাহাঙ্গীর আলম। সেই ট্রলার চালিয়ে আয় করে ঋণ পরিশোধের স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে তিন দিনের ভ্রমণ ও রাতযাপনের অনুমতিপত্র (পাস) অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের খবরে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। তাঁর মতো ট্রলারমালিক, চালক, শ্রমিক ও ট্যুর গাইডদের মধ্যেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক রিয়াজ আহমেদ নিখোঁজ হওয়ার পর তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় তিন দিনের পাস বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৬ নভেম্বর ময়মনসিংহের ভালুকার বাসিন্দা রিয়াজ সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন। ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখাল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিন দিনের পাস বন্ধের বিষয়ে আলোচনা হয়।
পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান জানান, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের মতোই চালু থাকবে। এ বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে। নিষেধাজ্ঞাটি অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রলারমালিক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘ঋণ করে পর্যটকবাহী ট্রলার তৈরি করেছি। তিন দিনের পাস বন্ধ হলে ঋণ শোধ করব কীভাবে? আমরা চাই, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে এই অনুমতি চালু করা হোক।’
গত মঙ্গলবার সকালে নীলডুমুর খেয়াঘাট এলাকায় কথা হয় ট্রলারচালক জহিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এই ট্রলার চালিয়ে শতাধিক পরিবারের সংসার চলে। পাস বন্ধ হলে পরিবার নিয়ে বিপদে পড়ব।’
পর্যটন খাত নিয়ে উদ্বেগ
পর্যটন ব্যবসায়ীদের মতে, ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়কপথে সুন্দরবন’ জেলার পর্যটনের অন্যতম ব্র্যান্ডিং। সাতক্ষীরা রেঞ্জ দিয়ে সুন্দরবনের সৌন্দর্য উপভোগের সুযোগ অন্য রেঞ্জগুলোর তুলনায় আলাদা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার না করে তিন দিনের পাস বন্ধের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হবে।
ট্যুর গাইড জি এম মাসুম বিল্লাহ বলেন, সাতক্ষীরা রেঞ্জে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদে জালিবোট ডুবে ১৩ পর্যটককে উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া গত ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে একটি জালিবোট ডুবে যায়।
তাঁর প্রশ্ন, পর্যটকদের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটলে তার দায়ে সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের পাস বন্ধ করা হবে কেন?
নীলডুমুর খেয়াঘাটের স্থানীয় বাসিন্দারাও পর্যটকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। তাঁদের মতে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে একই সঙ্গে পর্যটননির্ভর পরিবারগুলোর জীবিকা রক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
সব মিলিয়ে নিরাপত্তার স্বার্থে বন বিভাগের প্রস্তাবিত সিদ্ধান্তকে ঘিরে একদিকে যেমন পর্যটকদের সুরক্ষার প্রশ্ন উঠেছে, অন্যদিকে তেমনি জীবিকা হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পর্যটনসংশ্লিষ্ট মানুষ।
