মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আরও দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত নিয়ম ও মাপ অনুসরণ করে নম্বরপ্লেট লাগাতে পারবেন মোটরসাইকেলের মালিকরা। এর আগে এ কাজের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ নভেম্বর।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও শর্ত মেনে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।
নম্বরপ্লেটের নির্ধারিত মাপ
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের মাপ আলাদা হবে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে
নম্বরপ্লেট তৈরির উপকরণ ও রঙের বিষয়েও নির্দেশনা দিয়েছে বিআরটিএ। প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এর সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
নির্দেশনায় নম্বরপ্লেটে অতিরিক্ত কোনো নকশা বা শোভাবর্ধনের সুযোগ রাখা হয়নি। এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে।
নম্বর লেখার নির্ধারিত ধরন হবে—‘ঢাকা মেট্রো-ল-০০-০০০০’।
বিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের মালিকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম ও মাপ অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের আহ্বান জানিয়েছে বিআরটিএ।
