শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০২ জুলাই) রাত ২টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় শিশুতোষ বিদ্যাঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকার কাওসার আহমেদ (২৪) ও সোলাইমান হোসেন (২২)। কাওসার একটি ফলের দোকানে এবং সোলাইমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে শ্রীপুরে সোলাইমানের মামার বাড়িতে যাচ্ছিলেন। পথে জৈনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে কাওসার ও সোলাইমান ঘটনাস্থলেই মারা যান। অন্য মোটরসাইকেলের দুই আরোহী কিছুটা পেছনে থাকায় তারা অক্ষত থাকেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
মাওনা হাইওয়ে থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
