সড়কে টাকা তোলার সময় হাতির ধাক্কা, অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: ভোরের কাগজ
ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি হাতির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে ১০ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও কয়েকজন যাত্রী। ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুতকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিশা জান্নাত (১০ মাস) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আরিশাকে চিকিৎসকের কাছে নিতে তাঁর মা ব্যাটারিচালিত অটোরিকশায় করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি হাতি নিয়ে এক ব্যক্তি বিভিন্ন যানবাহন থেকে টাকা তুলছিলেন। এ সময় হাতিটি শুঁড় উঁচু করলে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সড়কে উল্টে যায়। মায়ের সঙ্গে থাকা আরিশা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
আরও পড়ুন: স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে স্বামীকে হত্যা
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়া (২৪)কে গণপিটুনি দিয়ে হাতিটিকে আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মাহুতকে আটক করে থানায় নিয়ে যায়। বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।
সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান বলেন, হাতির মাহুতকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হাতিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
