সেলফি পরিবহনের নিবন্ধন বাতিলের দাবিতে মহাসড়কে প্রতিবাদ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-পাটুরিয়া রোডে চলমান সেলফি পরিবহনের নিবন্ধন বাতিলের দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে গণঅবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালের দিকে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, চালকদের মাদকাসক্ত সনাক্তকরণ পরিক্ষা, যানবাহনের ফিটনেস নিশ্চিত এবং অতিরিক্ত যাত্রী বহন বন্ধের দাবি জানানো হয় এ কর্মসূচিতে।
মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খন্দকার তুহিন হোসেন তাঁর বক্তব্যে বলেন, মহাসড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সর্বস্তরের মানুষের প্রথম এবং প্রধান শর্ত। বেপরোয়া গতির গাড়ি চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। একইসাথে তিনি মাদকাসক্ত গাড়ি চালকদের ছাটাই করার দাবি জানান। নিয়মিত চালকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই, ডোপ টস্ট এবং গাড়ির ফিটনেস পরিক্ষা-নিরীক্ষা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. পীযূষ ফাইটার বলেন, সড়কে একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, একটি পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তাই, পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
ফাইটার আরও বলেন, তারা কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে এ আন্দোলন করছেন না। সর্বসাধারণের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। তবে, উত্থাপিত দাবি অনতিবিলম্বে শতভাগ কার্যকর না হলে আগামীতে এবিষয়ে জোরাল কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এ গণঅবস্থান ও প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন-শিবালয় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো.অহিদুজ্জামান মাবুল, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. চঞ্চল মিয়া, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মির্জা আব্বাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিব মিয়া, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আলমাস মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
