খাদে মাইক্রোবাস উল্টে মৃত্যু, মিলল চাঞ্চল্যকর তথ্য
মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস পানিভর্তি খাদে পড়ে একজন নিহত হয়েছেন। তবে দুর্ঘটনার পর মাইক্রোবাসটি উদ্ধারের সময় ভেতর থেকে বেরিয়ে আসে ৭ কার্টন ফেনসিডিল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। বরইতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে পানিভর্তি খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরো পড়ুন: সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গাড়ির ভেতরে থাকা দুটি ব্যাগ থেকে ৭ কার্টুনে ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে পুলিশকে জানানো হয়। পরে উদ্ধার করা মালামাল ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট (ওসির দায়িত্বপ্রাপ্ত) মো. আজাদুর রহমান জানান, দুর্ঘটনার সময় মাইক্রোবাসে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িতে থাকা অন্যরা সেখান থেকে চলে যায়।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মাইক্রোবাসে থাকা অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
