মেয়ের বিচ্ছেদে দুধ দিয়ে গোসল করলেন মা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি : সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে মেয়ের বিবাহবিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। পরে দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার স্ত্রী। তার মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে একই উপজেলার সুমন শেখের (৩২) প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়।
মনিরার অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী মাদক সেবন করে প্রায়ই তাকে মারধর করতেন। এ কারণে শেষ পর্যন্ত তার পক্ষে সংসার চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
জুলেখা বেগম জানান, মেয়ের ওপর নির্যাতনের কারণে কয়েক দিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সুমনের কাছ থেকে ছাড়িয়ে আনেন। এরপর নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার সকালে বাইখীর চৌরাস্তা বাজারে পাঁচ কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টিও নিশ্চিত করেছেন জুলেখা বেগম। তিনি বলেন, মেয়ের দীর্ঘদিনের কষ্টের অবসান হওয়ায় নিজের দেওয়া ওয়াদা অনুযায়ী তিনি এভাবে গোসল করেছেন।
তবে জুলেখা বেগমের মেয়েকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন সুমন শেখ। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।
