×

ঢাকা

সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম

সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল

ছবি: সংগৃহীত

শালবন সেতুর নিচে ড্রেনের মধ্যে পড়ে ছিল একটি প্যাকেট। সাদা পলিথিনে মোড়ানো, তার ওপর শক্ত করে লাগানো স্কচটেপ। বাইরে লেখা-‘সুপার স্টোর এলইডি লাইট’। প্রথম দেখায় সাধারণ কোনো পণ্যের প্যাকেট মনে হলেও ভেতরে ছিল ভিন্ন জিনিস। প্যাকেট খুলতেই বেরিয়ে আসে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি।

এর আগে সেখানে থাকা কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুটি মোটরসাইকেলে পালিয়ে যায়। এরপরই সেতুর নিচে শুরু হয় তল্লাশি। রোববার (৪ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন সংলগ্ন পূর্বাচলের ২৮ নম্বর সেক্টরের শালবন সেতুর নিচে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল সিপিসি-৩ এসআরবি-১-এর উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ হোসেন জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শালবন সেতুর দক্ষিণ-পশ্চিম দিকে ৩ থেকে ৪ জন ব্যক্তি মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। সংবাদটি পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা ব্যক্তিরা দুটি মোটরসাইকেলে করে দ্রুত দক্ষিণ-পূর্ব দিকে পালিয়ে যায়। তাদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পরে সম্ভাব্য পালানোর পথ ও আশপাশের এলাকা তল্লাশি করতে গিয়ে সেতুর নিচের ড্রেনের দিকে নজর দেন অভিযানকারী সদস্যরা। সেখানেই পাওয়া যায় প্যাকেটটি।

সাদা পলিথিনে মোড়ানো প্যাকেটটির ওপর স্কচটেপ লাগানো ছিল। প্যাকেটের গায়ে ‘সুপার স্টোর এলইডি লাইট’ লেখা থাকলেও ভেতরে ছিল না কোনো লাইট। প্যাকেট খুলে উদ্ধার করা হয় CAL 7.65 বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ‘AP 32 AUTO’ লেখা তিন রাউন্ড গুলি।উদ্ধার করা পিস্তলটির স্লাইডের সামনের অংশে ‘L. W. SEECAMP’ লেখা রয়েছে। এসআরবি-১-এর প্রাথমিক পর্যবেক্ষণে পিস্তলটির ট্রিগার সচল বলে প্রতীয়মান হয়েছে।

তবে প্যাকেটটি কে বা কারা সেখানে রেখেছিল, কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সঙ্গে অস্ত্রগুলোর কোনো সম্পর্ক রয়েছে কি না-তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে উদ্ধার হওয়া অস্ত্রের মালিকানার বিষয়টিও এখনো শনাক্ত হয়নি।স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন সোমবার (৫ অক্টোবর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শালবন সেতুর নিচ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসআই মো. শাহনেওয়াজ হোসেন জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের পরিচয় শনাক্ত করা গেলে অস্ত্রগুলোর উৎস ও ঘটনাটির সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হবে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন সামনে এসেছে কয়েকটি প্রশ্ন-প্যাকেটটি আগে থেকেই ড্রেনে রাখা ছিল, নাকি অভিযানের সময় পালিয়ে যাওয়ার আগে কেউ সেখানে ফেলে গেছে? ‘সুপার স্টোর এলইডি লাইট’ লেখা প্যাকেটের আড়ালে অস্ত্র রাখার উদ্দেশ্যই বা কী ছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্ত এগোচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কোয়েল মল্লিক

কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কোয়েল মল্লিক

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

নৌকার বৈঠায় এখনো জেগে ওঠে সিংগাইর

নৌকার বৈঠায় এখনো জেগে ওঠে সিংগাইর

 জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে? যে সময়ে থাকতে হবে সবচেয়ে বেশি সতর্ক

জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে? যে সময়ে থাকতে হবে সবচেয়ে বেশি সতর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App