এসআইয়ের সহায়তায় প্রাইভেটকারে ‘পিচ্চি রাজা’, পরে সাজানো হয় পালানোর নাটক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি: সংগৃহীত
প্রিজন ভ্যান থেকে শৌচাগারে যাওয়ার কথা বলে নয়, বরং পুলিশের এক উপপরিদর্শকের সহায়তায় প্রাইভেটকারে উঠে পালিয়েছেন শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’—এমন তথ্য পেয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ দাবি করেছে, প্রিজন ভ্যানের তালা খুলে পিচ্চি রাজাকে বের করে অপেক্ষমাণ একটি ব্যক্তিগত গাড়িতে তুলে দেওয়া হয়। পরে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করতে পালানোর নাটক সাজানো হয়।
এ ঘটনায় পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই-এবি) প্রবীর কুমার, প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক পিচ্চি রাজা ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার (৫অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
পুলিশ কমিশনার জানান, গত ২৭ সেপ্টেম্বর ঢাকার জেলা জজ আদালত থেকে ২৯ জন আসামিকে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুরের দিকে ফিরছিল। পথে ঢাকার তাঁতীবাজার এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে ভ্যানটি থামানো হয়। সেখানে ভ্যানের ইনচার্জ এএসআই প্রবীর কুমার বিশ্বাস চালকের কাছ থেকে চাবি নেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এরপর হাজতি পিচ্চি রাজা ও খাইরুল বাশারকে প্রিজন ভ্যান থেকে বের করা হয়। খাইরুল বাশারকে ভ্যানের সামনে নেওয়া হলেও পিচ্চি রাজা ও প্রবীর কুমার ভ্যানে ওঠেননি। এ সময় ঘটনাস্থলে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে পিচ্চি রাজাকে তুলে দেওয়া হয়।
পরে রাত সাড়ে ৮টার দিকে প্রবীর কুমার আবার ঘটনাস্থলে ফিরে এসে প্রিজন ভ্যানে ওঠেন। এরপর স্কট পার্টির সদস্যদের সঙ্গে নিয়ে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনা সাজানো হয় বলে তদন্তে তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ কমিশনার বলেন, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী তদন্তের মাধ্যমে এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক পিচ্চি রাজাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর প্রথম দিকে পুলিশ জানিয়েছিল, গাজীপুরের বাইমাইল এলাকায় প্রিজন ভ্যান থেকে শৌচাগারে যাওয়ার কথা বলে পিচ্চি রাজা পালিয়ে যান। তবে পরবর্তী তদন্তে ওই বক্তব্যের সঙ্গে অসংগতি পাওয়া যায় বলে পুলিশ জানায়। এর আগে দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের মধ্যে এসআই প্রবীর কুমার ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে এবার গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব ও শাকিল হোসেনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, তিনি ওই এলাকার শীর্ষ মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রায় আট দিন ধরে পলাতক থাকা পিচ্চি রাজাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
