গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
ছবি : সংগৃহীত
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের দুটি মহাসড়ক। পরিস্থিতির কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা চেষ্টা চালালে কয়েক দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সংঘর্ষে সাংবাদিকসহ বিজিবির এক সদস্য আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। সকাল ১১টার দিকে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দেন। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
এ সময় সময় টিভির এক প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। এসএ টিভির এক ক্যামেরাপারসনও পায়ে আঘাত পেয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজও শ্রমিকেরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ একসঙ্গে কাজ করছে।
