আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
ছবি : সংগৃহীত
ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, এসব যান নিবন্ধনের জন্য এককালীন ৮ থেকে ১০ হাজার টাকা ফি দিতে হবে। নিবন্ধন প্রতিবছর নবায়ন করতে হবে। আর নিবন্ধনের তারিখ থেকে একটি ই-রিকশার ব্যবহারযোগ্য মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১২ বছর।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় আজ থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করা যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, দুই যাত্রী বহনে সক্ষম ই-রিকশার প্রাথমিক নিবন্ধন ফি ৮ হাজার টাকা। চার যাত্রী বহনের উপযোগী ই-রিকশার ক্ষেত্রে এ ফি ১০ হাজার টাকা। বার্ষিক নবায়ন ফি যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা। এ ছাড়া ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা।
নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট এবং প্রয়োজনীয় তথ্যসংবলিত ব্লু-বুক দেওয়া হবে। নম্বরপ্লেটের জন্য অতিরিক্ত ১ হাজার টাকা দিতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ও ফিটনেস সনদ ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস চলাচলের সড়কেও এসব যান চলাচল নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা, যাত্রী ধারণক্ষমতা ও চলাচলের রুট নির্ধারণ করা হবে।
প্রতিটি ই-রিকশাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত ও নিরাপত্তা মান পূরণ করতে হবে। পুরোনো ই-রিকশাগুলোকেও প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন এনে অনুমোদন নিতে হবে।
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে আটটি অঞ্চল নির্ধারণ করা হবে। প্রতিটি অঞ্চলের জন্য থাকবে আলাদা রং। তবে নিবন্ধন শুরু হলেও একসঙ্গে সব ই-রিকশা সড়ক থেকে সরিয়ে দেওয়া হবে না। পর্যায়ক্রমে নিবন্ধন কার্যক্রম এবং অননুমোদিত যান অপসারণ করা হবে।
