মাদ্রাসায় অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৮ শিক্ষার্থী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৮ শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে আইসিইউতে থাকা শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৯৪ জন শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। চিকিৎসা শেষে ৫৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা বিবেচনায় বাকি ৩৮ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, ভর্তি থাকা রোগীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে। তবে বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
আইসিইউতে থাকা চার শিক্ষার্থী হলেন আজিজুল ইসলাম সিয়াম (১৪), ইউসুফ (২০), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
সোমবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ওই তলায় থাকা লাইব্রেরি পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় হুড়োহুড়ি করে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন তারা।
ডা. সুলতান মাহমুদ শিকদার আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যালোচনার জন্য ইতোমধ্যে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং রোগীদের শারীরিক অবস্থার উন্নতি বিবেচনা করে আজ কয়েকজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
অসুস্থ শিক্ষার্থীদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বুধবার দুপুরে ব্রিফ করা হবে বলেও জানান তিনি।
