মিরপুরে তিন বাসে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) ভোর ও রাতে শাহ আলী ও পল্লবী থানা এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের কাচ ও বডির কিছু অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। চিড়িয়াখানা সিটি পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।
অন্যদিকে, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে সড়কের পাশে পার্কিং করে রাখা আরও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটি হলো বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় বিকল্প পরিবহনের বাসটির সব আসন, কাচ ও বডি পুড়ে যায়। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার পুড়ে গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
