হোটেলে বসে তৃপ্তির খাবার, কালীগঞ্জে ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: ভোরের কাগজ
গাজীপুরের কালীগঞ্জে প্রায় অর্ধশত ভিক্ষুককে হোটেলে বসিয়ে সম্মানের সঙ্গে দুপুরের খাবার খাওয়ানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মোদাব্বির হাসান মানিক নামে এক স্থানীয় বাসিন্দা। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর এই আয়োজন ঘিরে শহরজুড়ে তৈরি হয় কৌতূহল ও প্রশংসা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কালীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ফটকে ভিক্ষুকদের হাতে খাবারের টোকেন তুলে দেন মানিক। টোকেন হাতে নিয়ে বৃষ্টির মধ্যেই প্রায় পাঁচ মিনিট দূরের একটি স্থানীয় হোটেলে যান তাঁরা। দলবদ্ধভাবে একসঙ্গে এতজন মানুষের টোকেন হাতে এগিয়ে যাওয়ার দৃশ্য দেখে পথচারীরা থমকে দাঁড়ান এবং কৌতূহলবশত অনেকেই হোটেলের সামনে ভিড় করেন।
হোটেলের ভেতরে প্রতিটি টেবিলে চারজন করে বসানো হয় অতিথিদের। মেন্যুতে ছিল সাদা ভাত, গরুর মাংস, শুঁটকি ভুনা, ঢেঁড়স ভাজি, করলা ভাজি, আলুভর্তা, ডাল ও সালাদ। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেককে পেটপুরে খাওয়ানো হয়। সাধারণত শুক্রবার দুপুরে হোটেলগুলোতে ক্রেতার চাপ কম থাকলেও এই বিশেষ আপ্যায়নে হোটেলের প্রতিটি টেবিল ভরে যায়।
নিজেদের মতো করে অন্যদের সঙ্গে টেবিলে বসে ভালো খাবার খেতে পেরে বেশ আনন্দিত হন ভিক্ষুকরা। হোটেল মালিক আল আমিন হোসেন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পিছিয়ে থাকা মানুষদের এমন সম্মানজনক আপ্যায়ন সমাজে সুন্দর দৃষ্টান্ত তৈরি করবে।
ঘটনাটি প্রত্যক্ষ করা পথচারী ইমতিয়াজ আহমেদ, শামীম আহমেদ ও সাদেক মিয়া বলেন, অসহায় মানুষদের এভাবে দাওয়াত দিয়ে হোটেলে খাওয়ানোর নজির সচরাচর দেখা যায় না। এটি সমাজে সহমর্মিতা ও ইতিবাচক বার্তা ছড়াবে।
উদ্যোক্তা মোদাব্বির হাসান মানিক জানান, “যারা প্রতিদিন অন্যের কাছে হাত পাতেন, তাদের একবেলা সম্মানের সঙ্গে ভালো খাবার খাওয়ানোর ইচ্ছা থেকেই এ আয়োজন করেছি। সামর্থ্য থাকলে ভবিষ্যতেও এমন চেষ্টা চালিয়ে যাব।”
