গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা মুক্তি পেলেন ‘টাকা দিয়ে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
মনিরুল হক ফরাজি। সংগৃহীত ছবি
ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে অপহরণের শিকার হওয়ার পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজি। দুর্বৃত্তদের মারধরে আহত হওয়ার পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী হারিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিভিন্ন যানবাহনে করে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফেরেন তিনি। বর্তমানে চিকিৎসাধীন থাকলেও এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।
মনিরুল হক ফরাজি বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী।
বৃহস্পতিবার ভোররাতে খুলনা-মাওয়া মহাসড়কে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ব্যক্তিগত গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন। গাড়িটি চালাচ্ছিলেন হাসান।
শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা পথে পথে মহাসড়কে গাছ ফেলে অবরোধ তৈরি করে। তাদের গাড়ি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে মারধর করা হয়। পরে দুজনকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে দুর্বৃত্তরা।
ঘটনার বর্ণনা দিয়ে বিএনপি নেতা মনিরুল হক ফরাজি শুক্রবার বিকালে বলেন, “গাড়ি থেকে নামিয়ে ওরা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আঘাতে আমার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। এ সময় তারা আমার কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন ও একটি আইফোন (১৭ প্রো) ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা আমাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ১৮ কিলোমিটার হাঁটে। একপর্যায়ে তারা আমাকে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে। আমি তখন বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিই। এরপর তারা আমাকে ছেড়ে দেয়। সব মিলিয়ে ওরা আমার কাছ থেকে দুই লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।”
মনিরুল হক ফরাজি বলেন, “পরে ভাড়ায়চালিত মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফিরে আসি। তারা প্রথমে ১৫-২০ জন থাকলেও শেষ পর্যন্ত ছিল চারজন।”
তিনি বলেন, “এদের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। আমি ঢাকায় চিকিৎসা নিয়েছি। সারা শরীরে প্রচণ্ড ব্যথা। আমি এই বিষয়টি এখনও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাইনি।”
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মনিরুল হক ফরাজি গোপালগঞ্জে অপহরণের শিকার হওয়ার খবর শুনে আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করি। বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরেছেন বলে খবর শুনেছি। তিনি এখন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিষয়টি শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
