বৃষ্টি চলবে আর কতদিন, শীত নামছে কবে থেকে?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
ফাইল ছবি
নভেম্বরের মাঝামাঝি পেরিয়ে গেলেও শীতের তেমন আমেজ নেই। বরং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বর্ষণ হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার ও রোববারও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে রাতের তাপমাত্রা কিছুটা কমে সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হলেও বৃষ্টির পরই শীতের স্থায়ী আগমন ঘটবে, এমনটা নয়। আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, প্রকৃত শীতের অনুভূতি বাড়তে শুরু করতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে। তবে এবারের শীত গত ৩০ বছরের তুলনায় কিছুটা উষ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এ ছাড়া সাতক্ষীরা, চাঁদপুর, খুলনা, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। ঢাকায়ও একই সময়ে ১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। এ সময় সাগরের উষ্ণতা ও বায়ুপ্রবাহের অনুকূল পরিস্থিতিতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এর প্রভাবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশের ওপর দিয়ে না গেলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়।
নভেম্বরের বৃষ্টি হলেই অনেকের মধ্যে শীতের আগমনের ধারণা তৈরি হয়। অনেকে আগেভাগেই শীতের পোশাক, লেপ-কম্বল বের করতে শুরু করেন। কিন্তু চলমান বৃষ্টি কি সত্যিই শীত নামিয়ে আনবে? কত দিন থাকতে পারে এই বৃষ্টির প্রবণতা? স্বাভাবিকের তুলনায় এবার বৃষ্টিপাত বেশি হচ্ছে কি না? আর এবারের শীতই বা কেমন হতে পারে?
কোথায় কেমন বৃষ্টি, কত দিন চলতে পারে
শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে।
এদিন সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড়টি ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করেছে। পুরো প্রক্রিয়া শেষ হতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি শুরু না হলেও শিগগিরই এসব অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে যশোরে, ১২৩ মিলিমিটার। ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়। সে হিসাবে যশোরে অতি ভারী বর্ষণ হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরায় ৬০ মিলিমিটার, চাঁদপুরে ৫০ মিলিমিটার, খুলনায় ৪৯ মিলিমিটার, কয়রায় ৪৬ মিলিমিটার, কুমিল্লায় ৪১ মিলিমিটার, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৬ মিলিমিটার এবং বরিশালে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৯ মিলিমিটার।
বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে বলা হয়েছিল, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
নভেম্বরেও কেন হয় বৃষ্টিপাত
বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে। অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর ধীরে ধীরে শুষ্ক মৌসুম শুরু হয়। তবে নভেম্বরেও বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এসব আবহাওয়াব্যবস্থার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে বছরে দুটি প্রধান মৌসুম রয়েছে। একটি বর্ষার আগে, অন্যটি বর্ষার পরে। বর্ষা-পরবর্তী মৌসুমটি মূলত অক্টোবর ও নভেম্বর মাসে।
আবহাওয়াবিজ্ঞানে ঘূর্ণিঝড় সৃষ্টির এই বৈশিষ্ট্যকে ‘বাইমোডাল’ বা দ্বিমৌসুমি প্রবণতা বলা হয়।
ড. মল্লিকের ব্যাখ্যা অনুযায়ী, প্রতিবছর ২৩ সেপ্টেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে। এরপর সূর্যের আপাত অবস্থান দক্ষিণ দিকে সরতে থাকায় উত্তর গোলার্ধে ধীরে ধীরে দিনের দৈর্ঘ্য কমে এবং রাত বড় হতে থাকে।
এ সময় বঙ্গোপসাগরের পানি উষ্ণ থাকে। শুধু সমুদ্রপৃষ্ঠেই নয়, পানির নিচের বিভিন্ন স্তরেও তাপ সঞ্চিত থাকে। এই উষ্ণতা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।
সাগরের বিভিন্ন স্তরে পানির তাপমাত্রা প্রায় ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। উষ্ণ পানির কারণে সমুদ্র থেকে বাষ্পীভবনের মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যুক্ত হয়। এই জলীয় বাষ্প সাগরে সৃষ্ট লঘুচাপকে শক্তিশালী হতে সহায়তা করে। অনুকূল পরিস্থিতিতে লঘুচাপ থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং কখনো কখনো ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
সূর্যের দক্ষিণায়নের ফলে সাগরের পানির উষ্ণতার পাশাপাশি বাতাসের গতিবিধিও নভেম্বর মাসে ঘূর্ণিঝড় সৃষ্টিতে ভূমিকা রাখে বলে জানান এই আবহাওয়াবিদ।
তিনি বলেন, প্রশান্ত মহাসাগর থেকে অস্ট্রেলিয়ার উত্তর পাশ ও দক্ষিণ চীন সাগর হয়ে আন্দামান সাগরের দিকে যে বাতাস আসে, তা দক্ষিণ বঙ্গোপসাগরেও প্রবেশ করে। এই বাতাসের ঘূর্ণনের কারণে কখনো কখনো ওই অঞ্চলে লঘুচাপ তৈরি হয়। লঘুচাপের বর্ধিত অংশ আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। তখন সাগরের পানির তাপমাত্রা অনুকূলে থাকলে এবং সমুদ্রপৃষ্ঠ ও ওপরের বায়ুমণ্ডলের বাতাসের গতির পার্থক্য কম হলে লঘুচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
তবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে। ড. মল্লিক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট কোনো ঘূর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূল অতিক্রম করার সময় সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশের দিকে আসতে পারে। এর ফলে সারি সারি মেঘমালা তৈরি হয় এবং উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়।
আবহাওয়াবিদ বজলুর রশীদও বলছেন, নভেম্বর মাসে নিয়মিত বৃষ্টিপাত খুব একটা হয় না। সাধারণত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়।
স্বাভাবিকের তুলনায় এবার বৃষ্টি বেশি হচ্ছে?
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে চলতি মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল।
পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসে ঢাকা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৬ মিলিমিটার। এ বছর এ বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছিল।
একইভাবে খুলনা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৯ মিলিমিটার হলেও এবার ১৫ থেকে ২৫ মিলিমিটার, বরিশাল বিভাগে স্বাভাবিক ৪৪ মিলিমিটারের বিপরীতে ৩০ থেকে ৪০ মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক ৩৯ মিলিমিটারের বিপরীতে ৩৫ থেকে ৮০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়। সিলেট বিভাগে স্বাভাবিক ২৫ মিলিমিটারের বিপরীতে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছিল।
তবে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, শুক্রবার ও শনিবার একই মাত্রায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে চলতি মাসের মোট বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত মোট কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আগের বছরগুলোর একই সময়ের তুলনায় তা বেশি নাকি কম, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি।
ড. আবুল কালাম মল্লিকও বলছেন, এবারের নভেম্বর মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কতটা বেশি বা কম হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে নভেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাতের দিনের সংখ্যা তিন থেকে পাঁচ দিন উল্লেখ করা হয়েছিল। তবে এ বছর বিভিন্ন বিভাগে গড়ে দুই থেকে চার দিন বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। এরই মধ্যে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।
অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রোববারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে চলমান বৃষ্টির দিনগুলো হিসাব করলে তা নভেম্বরের জন্য দেওয়া পূর্বাভাসের কাছাকাছি পৌঁছাতে পারে, কোথাও কোথাও ছাড়িয়েও যেতে পারে।
এদিকে নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। এর মধ্যে একটি বা দুটি লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।
এই বৃষ্টি কি শীত নামিয়ে দেবে?
নভেম্বরের এই বৃষ্টিতে আপাতত তাপমাত্রা কিছুটা কমে ঠান্ডার অনুভূতি বাড়তে পারে। তবে আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কমলেও এটিকে শীতের স্থায়ী আগমন হিসেবে দেখার সুযোগ নেই।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, চলমান বৃষ্টিপাতের পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হলেও পরবর্তী সময়ে তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তার মতে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। এর প্রভাব প্রথমে উত্তরাঞ্চলে বেশি অনুভূত হবে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে আরও কিছুটা সময় লাগতে পারে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকও বলছেন, এ ধরনের আবহাওয়াব্যবস্থার প্রভাবে বৃষ্টিপাত হলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিছুটা কমে যায়। তবে শুধু বৃষ্টির কারণেই শীতের আগমন ঘটে না।
তার ব্যাখ্যা অনুযায়ী, নভেম্বরের শেষ দিকে এমনিতেই দিনের দৈর্ঘ্য কমে এবং রাত বড় হতে থাকে। ফলে সূর্যের তাপ পাওয়ার সময়ও কমে আসে। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়তে থাকে।
তিনি বলেন, সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে শীতকাল বিরাজ করে। তবে নভেম্বরের শেষ দিক থেকেই শীতের আগমনী পরিস্থিতি শুরু হয়। শীতের তীব্রতা অবশ্য বছরভেদে কমবেশি হতে পারে।
এবারের শীত কেমন হতে পারে
চলতি মৌসুমে বাংলাদেশে তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তার মতে, গত ৩০ বছরের গড়ের তুলনায় এবার শীতকালে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হওয়ার পাশাপাশি শীতের সামগ্রিক স্থায়িত্বও কিছুটা কমে আসতে পারে।
তবে এর অর্থ এই নয় যে শীতকালে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না কিংবা শৈত্যপ্রবাহ হবে না।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে দেশে আট থেকে ১০টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।
সব মিলিয়ে নভেম্বরের চলমান বৃষ্টি সাময়িকভাবে তাপমাত্রা কমিয়ে ঠান্ডার অনুভূতি বাড়ালেও এখনই শীতের স্থায়ী আগমন ঘটছে না। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের প্রকৃত আমেজ বাড়তে পারে। তবে এবারের শীতের তীব্রতা গত কয়েক বছরের তুলনায় কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: বিবিসি বাংলা।
