×

জাতীয়

সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, প্রয়োজন হ্যান্ডকাফ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম

সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, প্রয়োজন হ্যান্ডকাফ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সন্ত্রাস ও অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। সন্ত্রাসীদের পাসপোর্টের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন হ্যান্ডকাফ। বিদেশে পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাধারণ নাগরিকদের মতো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সুযোগ নেই। প্রচলিত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে শুক্রবার ভোরে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

হুমায়ুন কবির বলেন, ‘দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের মতো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের আবেদন প্রযোজ্য নয়; বরং প্রচলিত প্রত্যর্পণ চুক্তির আওতায়ই তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না। আমরা সহনশীল সরকার এবং মানুষের প্রতি সহনশীলতা দেখাই। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে তা অবশ্যই নেওয়া হবে।’

নিজ বাসভবনে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তারা এখন ধাওয়ার মধ্যে আছে। আমার বাসায় আগুন দিয়ে দৌড়ে পালিয়েছে। একটি বিড়ালও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরে দৌড় দেয়, কিন্তু এদের অবস্থা এমন হয়েছে যে স্লোগান দিয়েই দৌড় দেয়—পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না। সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, দেশের মানুষ ও সরকার তা ভালোভাবেই জানে।’

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ ভালো পথে এগিয়ে যাচ্ছে। দেশে বিদেশি বিনিয়োগ আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। দেশের এই অগ্রগতি দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠীর গাত্রদাহ হচ্ছে, যারা নিজেরাই এখন বিলীন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘৃণা করে।’

এসব কর্মকাণ্ডে সরকার কোনো চাপে পড়ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা নিজেরাই আতঙ্কিত। তারা কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। আইনের শাসনব্যবস্থার মধ্যেই এদের জায়গা করে নেওয়া হবে।’

বিদেশে অবস্থানরত অপরাধীদের বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) ও কঠোর নজরদারির মাধ্যমে অপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে। যারা মানুষ হত্যা করেছে এবং দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করেছে, আইনের দীর্ঘ হাত তাদের কাউকেই ছাড় দেবে না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, প্রয়োজন হ্যান্ডকাফ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, প্রয়োজন হ্যান্ডকাফ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধ

৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বৃষ্টি চলবে আর কতদিন, শীত নামছে কবে থেকে?

বৃষ্টি চলবে আর কতদিন, শীত নামছে কবে থেকে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App