×

ঢাকা

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষ-গুলিবর্ষণ, নিহত বেড়ে ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষ-গুলিবর্ষণ, নিহত বেড়ে ২

ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শরীয়তপুরের জাজিরা এলাকার ইব্রাহিম সিপাই এবং মাদারীপুরের শিবচর উপজেলার নিজাম মৃধা (৪৫)। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) সকালে জাজিরার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নিজাম মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীর কান্দি এলাকার দাদন মৃধার ছেলে। সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

এর আগে সংঘর্ষে ইব্রাহিম সিপাই নামে আরেকজন নিহত হন। শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর বাড়ি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে। আওয়ামী লীগ নেতাদের দাবি, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাজিরার বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। দুই পক্ষের মধ্যে বাধা দেওয়া ও পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পিছু হটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।

সংঘর্ষ ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে একদল ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে সড়ক অবরোধ করতে দেখা গেছে। বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে অবরোধকারীরা সড়ক ছেড়ে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এর আগে সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এমন খবর পেয়ে পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে। সকালে কিছু লোক এসে বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষ-গুলিবর্ষণ, নিহত বেড়ে ২

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষ-গুলিবর্ষণ, নিহত বেড়ে ২

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

জুলাই সনদ ও গণভোট বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তন করতে হবে

জামায়াত আমির জুলাই সনদ ও গণভোট বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তন করতে হবে

চলমান পরিস্থিতিতে সরকার সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না

স্বরাষ্ট্রমন্ত্রী চলমান পরিস্থিতিতে সরকার সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App