বিমানবন্দর
তৃতীয় টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি কাল
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
১৫ বছর মেয়াদি এ চুক্তির আওতায় টার্মিনাল পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং যাত্রী ও কার্গো ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে জাপানি কনসোর্টিয়াম। তবে রানওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমানবন্দরের নিরাপত্তা, ইমিগ্রেশন ও কাস্টমসসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম বেবিচক ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিয়ন্ত্রণেই থাকবে।
রোববার (২৯ নভেম্বর) সকালে বেবিচক সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি বলেন, দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় আইনানুগ যাচাই-বাছাই শেষে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় স্বার্থ, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করেই চুক্তির শর্ত নির্ধারণ করা হয়েছে।
বেবিচক চেয়ারম্যান জানান, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের কার্যক্রম নতুন টার্মিনালে নেওয়ার লক্ষ্য রয়েছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে জাপানি কনসোর্টিয়াম। এসব কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ব্যয় বহন করবে প্রতিষ্ঠানটি। যাত্রীসেবার সক্ষমতা বাড়াতে অতিরিক্ত সরঞ্জাম কেনা, স্থাপন ও চালুর দায়িত্বও তাদের ওপর থাকবে।
তবে বিমানবন্দরের মূল নিয়ন্ত্রণ বেবিচকের হাতেই থাকছে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল ও উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা বেবিচক পরিচালনা করবে। নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং যাত্রী ও কার্গো পরিবহনের নিয়ন্ত্রণও থাকবে বেবিচকের অধীনে। অন্যদিকে ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো।
চুক্তির আওতায় রাজস্ব ভাগাভাগির বিষয়েও সুনির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। নির্ধারিত কার্যক্রম শুরুর পর যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। তৃতীয় টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে ঘটবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।
এ ছাড়া বোর্ডিং ব্রিজ ব্যবহার, বহির্গামী যাত্রীর এমবার্কেশন ফি এবং লাউঞ্জ, গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন ভাড়াসহ নন-এরোনটিক্যাল খাতের আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের বিধান রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠান এবং সেলফ হ্যান্ডলিংকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে মার্কিন ডলারে রয়্যালটি দিতে হবে।
যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে বেশ কিছু সময়সীমা ও কর্মসম্পাদন সূচক (কেপিআই) নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ কনভেয়র বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডির ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় কমাতেও নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে রাখার শর্ত রয়েছে। পাশাপাশি ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, স্বয়ংক্রিয় চেক-ইন, যাত্রী প্রক্রিয়াকরণ এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে।
নির্ধারিত সেবার মান অর্জনে ব্যর্থ হলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে। চুক্তিতে ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।
চুক্তির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে তৃতীয় টার্মিনালে পরিচালিত হবে শাহজালাল বিমানবন্দরের সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট। বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করা হবে অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য অনিয়মিত ফ্লাইটের জন্য।
বেবিচকের তথ্য অনুযায়ী, প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। এখানে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ১৬টি স্বয়ংক্রিয় ব্যাগেজ কনভেয়র বেল্ট, ১২টি বোর্ডিং ব্রিজ এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্যানিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর ও ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র।
কার্গো পরিবহনের সক্ষমতা বাড়াতেও নির্মাণ করা হয়েছে পৃথক আমদানি ও রপ্তানি টার্মিনাল। ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনালে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন এবং ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনালে ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং করা সম্ভব হবে। সব মিলিয়ে নতুন কার্গো টার্মিনাল দুটির বার্ষিক সক্ষমতা ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন। বেবিচকের দাবি, এর ফলে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা চার গুণ বাড়বে।
বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক অবকাঠামো ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে দক্ষ পরিচালনা এবং যথাযথ রক্ষণাবেক্ষণ জরুরি। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি বাস্তবায়িত হলে দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে।
