এবার সিনেমা নির্মাণের ঘোষণা আদনান আল রাজীবের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:৩৬ পিএম
ফাইল ছবি
ছোটপর্দা ও বিজ্ঞাপন জগতের তুমুল জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব এবার পা রাখছেন রূপালি পর্দায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত বিজ্ঞাপন ও নাটক উপহার দিলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই আজন্ম স্বপ্নের কথা শেয়ার করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এই নির্মাতা।
শুক্রবার এক ফেসবুক পোস্টে রাজীব লিখেছেন, ‘অ্যাডভারটাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসাবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাব। স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সব সময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।’
রাজীব আরও লিখেছেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি। কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি।’
পোস্টের শেষে সিনেমার ঘোষণা দিয়ে রাজীব লিখেছেন, ‘হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’
গত বছর তার হাত ধরেই প্রথম দেশি কোনো সিনেমা কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছিল। শুধু তাই নয়, তার নির্মিত ‘আলী’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিশেষ স্বীকৃতি অর্জন করেছিল। এরপর আরও বেশ কিছু উৎসবে এটি পুরস্কার পেয়েছে।
