×

ঢালিউড

রিজভীর দাবিতে শাবনূরের ক্ষোভ

‘বাস্তবে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম

‘বাস্তবে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ছবি: সংগৃহীত

একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে ভালোবাসতেন, এমনকি তাঁদের বিয়েও হয়েছিল, সম্প্রতি এমন দাবি করেছেন রিজভী আহমেদ। তবে এ দাবি শুনে চুপ থাকেননি শাবনূর। প্রেম-বিয়ের এই গল্পকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়ে ফেসবুক পোস্টে রসিকতার সুরে তিনি লিখেছেন, বাস্তবে বিয়ে না হয়ে হয়তো ‘স্বপ্নের বাসরই’ হয়েছিল।

শনিবার (৮ আগস্ট) এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ফেসবুকে নিজের আইডিতে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন শাবনূর। রিজভীর বিভিন্ন সময়ের বক্তব্যকে পরস্পরবিরোধী, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে শাবনূর ‘রিজভীর গালগল্প ও অসত্য বয়ান’ শিরোনামে লেখেন, ‘সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে যে ব্যক্তি একসময় রাজসাক্ষী হয়েছিলেন, সেই রিজভী আহমেদ পরবর্তী সময়ে এ বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। তার প্রশ্ন, একই ব্যক্তি একই ঘটনা নিয়ে বারবার পরস্পরবিরোধী বক্তব্য দিলে তার সর্বশেষ দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।’

শাবনূর লেখেন, ‘১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে রিজভী সালমান শাহ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন বলে দাবি করা হয়। পরবর্তী সময়ে যুক্তরাজ্যে অবস্থানকালে প্রকাশিত একটি ভিডিও বার্তাতেও তিনি একই ধরনের দাবি করেন। তবে ২০১৯ সালে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর একটি সাক্ষাৎকারে রিজভী দাবি করেন, তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন এবং সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।’

জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ছবি: সংগৃহীত

শাবনূরের ভাষ্য, সম্প্রতি পৃথক দুটি সাক্ষাৎকারেও রিজভী সালমান শাহর মৃত্যু আত্মহত্যা বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি সালমান শাহর মা নীলা চৌধুরী ও শাবনূরকে নিয়েও নানা অভিযোগ করেছেন।

রিজভীর বক্তব্যের সূত্র ধরে নিজের সঙ্গে তার সম্পর্কের দাবি খণ্ডন করে শাবনূর বলেন, ‘এক সাক্ষাৎকারে রিজভী দাবি করেছেন, তিনি শাবনূরকে ভালোবাসতেন এবং বিয়ে করতে চেয়েছিলেন। আবার অন্য সাক্ষাৎকারে তাকেই নিজের সাবেক প্রেমিকা বলে দাবি করেছেন। এমনকি ২০১৬ সালে তাদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেছেন রিজভী।’

প্রশ্ন তুলে শাবনূর বলেন, ‘রিজভী যদি ১৯৯৯ সাল থেকেই যুক্তরাজ্যে বসবাস করে থাকেন এবং তার নিজের দাবি অনুযায়ী ওই সময়ে বাংলাদেশে না এসে থাকেন, আর শাবনূরও ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে যুক্তরাজ্যে না গিয়ে থাকেন, তাহলে তাদের বিয়ে কোথায় ও কীভাবে হলো?’

শাবনূর আরও বলেন, ‘রিজভী আরও দাবি করেছে যে ২০১৬ সালে আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং ২০১৮ সালে আমাদের ডিভোর্স হয়েছে! এখন প্রশ্ন হলো, সে তো ১৯৯৯ সাল থেকেই প্রায় ২৬-২৭ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছে এবং তার নিজের দাবি অনুযায়ী, ওই সময়ের মধ্যে বাংলাদেশেই আসেনি। অন্যদিকে, আমি ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে কখনোই যুক্তরাজ্যে যাইনি। তাহলে আমার সঙ্গে তার বিয়েটা কোথায় হলো? কীভাবে হলো? এর প্রমাণই বা কী? আরও মজার বিষয় হলো, সে যে সময়ের কথা বলছে, তার অনেক আগ থেকেই আমি বিবাহিতা ছিলাম। তার সঙ্গে সম্পর্ক তো দূরের কথা, তাকে আমি কখনো দেখেছি বলেও মনে পড়ে না, আমি তাকে চিনিই না। তার এসব কথা শুনে মনে হচ্ছে, আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো শুধু “স্বপ্নের বাসর”ই হয়েছিল!’

জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ছবি: সংগৃহীত

রিজভীর বিরুদ্ধে সালমান শাহকে ব্ল্যাকমেইল করার অভিযোগেরও তীব্র প্রতিবাদ জানিয়েছেন শাবনূর। তার দাবি, সালমান শাহর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে কূটনামি বা ব্ল্যাকমেইলের অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

চলচ্চিত্র অঙ্গনের কেউ কোনো দিন তাকে এমন আচরণের জন্য অভিযুক্ত করতে পারবেন না বলেও দাবি করেন শাবনূর।

সালমান শাহর মৃত্যুর সঙ্গে নিজের কোনো ধরনের সম্পৃক্ততা নেই উল্লেখ করে শাবনূর বলেন, ‘সালমান শাহ শুধু তার সহশিল্পী ছিলেন না, বড় ভাইয়ের মতো একজন মানুষও ছিলেন। তার অকালমৃত্যু আজও তাকে ব্যথিত করে।’

রিজভীর আরও কিছু বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন শাবনূর। যুক্তরাজ্যে যাওয়া, সেখানে সম্পদ কেনা, বিপুল অর্থ সঙ্গে নেওয়া এবং বলিউডের তারকাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের মতো বিভিন্ন দাবি উল্লেখ করে তিনি এসব বক্তব্যের বাস্তবতা ও বিশ্বাসযোগ্যতা পাঠক-দর্শকের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন।

শাবনূরের ধারণা, সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে কোনো পক্ষের প্ররোচনা বা আর্থিক স্বার্থে রিজভী তার ও নীলা চৌধুরীর বিরুদ্ধে এসব অভিযোগ করে থাকতে পারেন। তবে এটিকে তিনি নিজের ধারণা হিসেবেই উল্লেখ করেছেন।

সবশেষে শাবনূর বলেন, সালমান শাহ কীভাবে মারা গেছেন, সে বিষয়ে তার কোনো ধারণা নেই। তবে তিনি চান, একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক এবং ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সংযোগ ছিল না।

পোস্টের কমেন্টে ভক্তদের উদ্দেশে শাবনূর বলেন, ‘আমার প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি শুধু চাই, আপনারা প্রকৃত সত্যটা জানুন এবং কোনো বিভ্রান্তিকর বা অসত্য বক্তব্যের দ্বারা প্রভাবিত না হন। আপনাদের ভালোবাসা, বিশ্বাস, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

কেউ অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে: জামায়াত আমির

কেউ অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App