সোহানা সাবার স্বামী কে এই ‘ফয়সাল’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় তিনি প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার জানা গেল তার বিয়ের খবর।
নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের এক যুগ পর বিয়ে করলেন এই অভিনেত্রী।
সোহানা সাবা তার আবার বিয়ে নিয়ে নির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ করতে চাননি। শুধু জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। স্বামীর নামও প্রথমে বলতে চাননি। পরে কথার এক পর্যায়ে শুধু ‘ফয়সাল’ নামটি জানান।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে সোহানা সাবার নতুন প্রেমের খবর প্রকাশ্যে আসে। তখন প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও সঙ্গীর পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি। দীর্ঘ সেই প্রেমের সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে। সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। সম্পর্কের একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। যদিও বিয়ের তারিখটা গোপন রেখেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: কেনো নিজেকে শেষ করার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট
জানা গেছে, ফয়সাল সামাদ সাভারটেক্স গ্রুপ ও সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক। ২০২৩ সালে বিজিএমইএর নির্বাচনে সংগঠনটির নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম–এর প্যানেল লিডার (দলনেতা) হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। এর আগে আনিসুল হক, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ ও রুবানা হকের নেতৃত্বাধীন বিজিএমইএর পরিচালনা পর্ষদে সহসভাপতির দায়িত্বও পালন করেছেন ফয়সাল সামাদ।
ব্যবসায়ী মহলে খোঁজ নিয়ে জানা গেছে, ফয়সাল সামাদ এর আগে বিবাহিত ছিলেন। সে হিসাবে সোহানা সাবা ও ফয়সাল সামাদ—দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

বিয়ের পর নিজের বর্তমান জীবন নিয়ে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’
ফয়সালের সঙ্গে পরিচয় ও সম্পর্কের শুরু প্রসঙ্গে সাবা জানান, প্রথম দেখাতেই তার মনে হয়েছিল, এই মানুষটির জন্যই হয়তো তিনি এতদিন অপেক্ষা করেছিলেন। তবে নিজের অনুভূতির কথা তখন প্রকাশ করেননি। পরে ফয়সাল নিজেই যোগাযোগ করে ভালোবাসার কথা জানালে তিনি সম্মতি দেন।

এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় এক দশক সংসার করেছেন সোহানা সাবা। তাদের একটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে নতুন করে জীবন গুছিয়ে নেন তিনি। সেই সময়ই ফয়সালের সঙ্গে তার পরিচয় ও সম্পর্কের শুরু।
টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া সোহানা সাবা পরে চলচ্চিত্রেও কাজ শুরু করেন। কবরী পরিচালিত ‘আয়না’ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু হলেও মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ আগে মুক্তি পায়। এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

ভারতেও কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন সোহানা সাবা। তার অভিনীত উল্লেখযোগ্য ভারতীয় ছবির মধ্যে রয়েছে ‘ষড়্রিপু’ ও ‘এপার–ওপার’। এছাড়া আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
