আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন পাভেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি : সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটির সত্যতা বা প্রেক্ষাপট নিয়ে অনলাইনে প্রশ্নও উঠেছে।
এদিকে ভিডিওটি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন পাভেল। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। এর বাইরে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই।
পাভেল বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা যায়। কেউ কেউ ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকে ভিডিওতে থাকা নারীর পরিচয় জানতে চেয়েছেন। তবে এসব বিষয়ে পাভেল তার বক্তব্যে ওই নারীকে বান্ধবী হিসেবে উল্লেখ করেছেন।
অভিনয় ক্যারিয়ারের শুরুতে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নেন পাভেল। সেখানে দ্বিতীয় রানারআপ হয়ে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।
পরবর্তী সময়ে দেশে ফিরে স্টেজ শো ও বিভিন্ন ছোট চরিত্রে অভিনয় করেন। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন পাভেল।
তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর। নাটকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। চরিত্রটি তাকে দর্শকদের কাছে আলাদা পরিচিতি এনে দেয়।
এরপর বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে ছোটপর্দায় নিজের অবস্থান আরও শক্ত করেন পাভেল। বর্তমানে নিয়মিত অভিনয় করছেন তিনি।
