পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, পোশাকশিল্পে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। তাঁর মতে, কোনো মালিক বা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। শ্রমিকদেরও এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী একটি গোষ্ঠী পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করছে বলে তাঁর আশঙ্কা। এ ধরনের তৎপরতা ঠেকাতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
জামায়াত আমিরের দাবি, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করার পেছনেও গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি মনে করেন।
এ অবস্থায় দেশের পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল, আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
