মিস ইউনিভার্সের মুকুট জিতে বিশ্বমঞ্চে যাচ্ছেন সামিরা খান মাহি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম
মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত
মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর আয়োজন। সেখানে সামিরা খান মাহিকে বিজয়ী ঘোষণা করা হয়। আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন তিনি।

বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। এ সময় গত বছরের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অন্যদিকে বিদায়ী বিজয়ী মিথিলা পরেছিলেন হালকা নীল ও সিলভার রঙের গাউন। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামিরা খান মাহি বলেন, বাবা-মা তাকে বলেছেন, ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মাহির ভাষায়, ‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’
ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের জন্যও পরিচিত তিনি। এবার জাতীয় পর্যায়ের সৌন্দর্য প্রতিযোগিতায় সেরা হওয়ার স্বীকৃতি পেলেন এই মডেল ও অভিনেত্রী।

এর আগে ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। এর মধ্য দিয়ে মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবারের মতো প্লেসমেন্ট অর্জন করে বাংলাদেশ। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা। মিথিলার সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সামিরা খান মাহি।
