জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
প্যাটিনসন ও হল্ট। ছবি: সংগৃহীত
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, এ প্রশ্নের উত্তর মিলতে পারে চলতি মাসেই। শোনা যাচ্ছে, নতুন জেমস বন্ড বা ‘০০৭’ চরিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি চূড়ান্ত অডিশন দিয়েছেন পাঁচ ব্রিটিশ তারকা। ডেডলাইনের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, এ তালিকায় ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেনের সঙ্গে শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৬তম জেমস বন্ড সিনেমার জন্য নতুন বন্ড খোঁজার এই প্রক্রিয়া শুরু হয়েছিল গত মার্চ মাস থেকে। কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ড এই প্রজেক্টে যুক্ত হওয়ার পর থেকেই শুরু হয় অনুসন্ধান। আগস্টে প্রথম দফার অডিশন শেষে সেপ্টেম্বর মাসে সম্ভাব্য অভিনেতাদের তালিকা ছোট করে আনেন প্রযোজক অ্যামি প্যাসকেল, ডেভিড হেইম্যান ও পরিচালক ডেনিস ভিলন্যুভ। অক্টোবরের শুরুতে চূড়ান্ত অডিশন হওয়ার কথা থাকলেও শিডিউল জটিলতার কারণে তা পিছিয়ে মাসের শেষের দিকে সম্পন্ন হয়।
ড্যানিয়েল ক্রেগের দীর্ঘ ১৫ বছরের বন্ড-অধ্যায় শেষে এ চরিত্রে নতুন কাউকে বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ সতর্ক নির্মাতারা। চূড়ান্ত তালিকায় থাকা প্যাটিনসন ও হল্ট দুজনেরই বড় ফ্র্যাঞ্চাইজিতে কাজের অভিজ্ঞতা রয়েছে। রবার্ট প্যাটিনসন ডিসি স্টুডিওর ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয়ের পাশাপাশি যুক্ত ছিলেন ‘টোয়াইলাইট’ ও ‘হ্যারি পটার’-এর মতো তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে।
অন্যদিকে, নিকোলাস হল্ট ডিসির ‘সুপারম্যান’ সিনেমায় লেক্স লুথর চরিত্রে অভিনয় করছেন, ছিলেন ‘এক্স-মেন’ প্রিক্যুয়েল ট্রিলজিতেও। তবে প্যাটিনসনের ক্ষেত্রে একটি বড় সুবিধা হলো, নতুন বন্ড সিনেমার পরিচালক ডেনিস ভিলন্যুভের আসন্ন সিনেমা ‘ডিউন: পার্ট থ্রি’-তেও অভিনয় করছেন তিনি। ফলে জেমস বন্ড হওয়ার দৌড়ে তিনি এগিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্যাটিনসন ও হল্ট ছাড়াও ব্রিটিশ ও মার্কিন গণমাধ্যমে ত্রিশোর্ধ্ব বেশ কয়েকজন ব্রিটিশ অভিনেতার নাম শোনা যাচ্ছে। এই দৌড়ে ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেন অন্যতম। সংবাদমাধ্যম ভ্যারাইটির তথ্যমতে, পপ তারকা হ্যারি স্টাইলসের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে এবং থিও জেমসের সম্ভাবনাও এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কিছুদিন আগে নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় বন্ড তারকা পিয়ার্স ব্রসনান নতুন বন্ড হিসেবে ক্যালাম টার্নারের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, অভিনেতা গ্যারি ওল্ডম্যান তাঁর ‘স্লো হর্সেস’ সহশিল্পী জ্যাক লোডেনকে চাইছেন জেমস বন্ড চরিত্রে।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে, বিশেষ করে থ্যাংকসগিভিং ডের আগেই নতুন জেমস বন্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কাস্টিংয়ের এই চূড়ান্ত গুঞ্জন নিয়ে আমাজনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
