×

অর্থনীতি

নির্বাচনকালীন এমএফএস লেনদেন সীমিত, পি-টু-পি বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম

নির্বাচনকালীন এমএফএস লেনদেন সীমিত, পি-টু-পি বন্ধ

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন রাত পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)-এ একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ লেনদেনের সীমা ধরা হয়েছে ১০ হাজার টাকা। এই সময় ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেন করা যাবে না। এছাড়া বিশেষ তদারকির মাধ্যমে কোনো অস্বাভাবিক লেনদেন ধরা পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি)-এর আওতাধীন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের অপব্যবহার রোধে রোববার রাত থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ব্যক্তিক হিসাবের সীমা ন্যুনতম নির্ধারণ করা হলো।

এতে বলা হয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা। প্রতিদিন সর্বোচ্চ লেনদেনের সংখ্যা হবে ১০টি। মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। অন্যান্য সকল ধরনের এমএফএস লেনদেন বর্ণিত সময়কালে সাময়িকভাবে বন্ধ থাকবে।

নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করবে। এই সময়ে সকল লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনা হবে। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, এই সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি-এর মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেবে। বর্ণিত সময়সীমার পর স্বাভাবিক লেনদেন পুনর্বহাল হবে।

বিদ্যমান নিয়ম অনুযায়ী একটি এমএফএস হিসাব থেকে দিনে সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে তিন লাখ টাকা পাঠানো যায়। একটি হিসাবের সর্বোচ্চ জমা রাখা যায় ৫ লাখ টাকা। দিনে যতবার খুশি লেনদেন করা যায়। এছাড়া এজেন্ট পয়েন্ট থেকে দৈনিক ৩০ হাজার এবং মাসে ২ লাখ টাকা উত্তোলন করা সম্ভব।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App