×

অর্থনীতি

নবম পে-স্কেল

গেজেট প্রকাশে বিলম্ব, নেপথ্যে যে কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩২ এএম

গেজেট প্রকাশে বিলম্ব, নেপথ্যে যে কারণ

ছবি : সংগৃহীত

জাতীয় বাজেটে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা এবং প্রয়োজনীয় বরাদ্দ থাকলেও এখনো গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। নতুন বেতন কাঠামো কবে কার্যকর হবে এবং গেজেট আগস্টে প্রকাশ পাবে নাকি আরো বিলম্ব হবে তা নিয়ে চলছে নানা আলোচনা।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। তবে এটি কত ধাপে কার্যকর হবে, বেতন কমিশনের সুপারিশ কতটা গ্রহণ করা হবে এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে, এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ কারণেই গেজেট প্রকাশে দেরি হচ্ছে।

প্রাথমিকভাবে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা ছিল। সে অনুযায়ী ২০২৬ সালের ১ জুলাই থেকে প্রস্তাবিত মূল বেতনের ৫০ শতাংশ, ২০২৭ সালের ১ জুলাই বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন ভাতা ও অন্যান্য সুবিধা চালুর কথা ছিল।

তবে পরবর্তী বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক বছরের বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মকর্তা-কর্মচারীর বর্তমান মূল বেতন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রস্তাবিত বেতনের অর্ধেক কার্যকর করলে প্রকৃত বেতন বৃদ্ধি খুবই সীমিত হবে। এতে বেতন কাঠামোয় বৈষম্যও তৈরি হতে পারে। এ কারণে দুই ধাপে বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় আসে।

আরো পড়ুন : তেলের বাজারে নতুন অস্থিরতার শঙ্কা

সর্বশেষ আলোচনায় আবার তিন ধাপে বাস্তবায়নের প্রস্তাব সামনে এসেছে। এতে প্রথম ধাপে নতুন মূল বেতন এবং পরবর্তী দুই ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা চালুর বিষয়ে আলোচনা চলছে। তবে সচিব কমিটির বৈঠকেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে গত জুলাইয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল ঢাকা সফরে এসে নতুন পে-স্কেল বাস্তবায়নের অর্থের উৎস সম্পর্কে জানতে চাইলেও কোনো আনুষ্ঠানিক আপত্তি জানায়নি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে আইএমএফের ঋণ কর্মসূচির কোনো সম্পর্ক নেই।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট বরাদ্দ দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫১৫ কোটি টাকা। জনপ্রশাসন খাতেও উল্লেখযোগ্য অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে, যার একটি অংশ নতুন পে-স্কেল বাস্তবায়নে ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাজেটে বড় বরাদ্দ থাকলেও উচ্চ বাজেট ঘাটতির কারণে রাজস্ব আদায় ও ঋণ পরিস্থিতির ওপর বাস্তবায়নের গতি নির্ভর করবে।

এদিকে ২০২৫ সালে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার কমিশনের সুপারিশ পুরোপুরি গ্রহণ করছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গেজেট প্রকাশের সময় নিয়েও ভিন্নমত রয়েছে। কোনো কোনো সূত্র বলছে, আগস্টেই প্রজ্ঞাপন জারি হতে পারে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, সব প্রক্রিয়া শেষ করে অক্টোবরের আগে গেজেট প্রকাশের সম্ভাবনা কম। তবে সরকারের অবস্থান হলো, গেজেট প্রকাশে বিলম্ব হলেও নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে। ফলে গেজেট জারির পর কর্মকর্তা-কর্মচারীরা কার্যকারিতার তারিখ থেকে প্রাপ্য বেতন-ভাতার বকেয়া সুবিধা পাবেন।

সংশ্লিষ্টরা আরো জানিয়েছেন, অর্থের সংস্থানের পাশাপাশি প্রযুক্তিগত প্রস্তুতিও একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে ইএফটি ও আইবাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে সরকারি বেতন-ভাতা পরিশোধ করা হয়। ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে হলে এসব সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা, দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হবে এবং নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানাবে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনআইডি সংশোধন: সেবা সহজ করতে ইসির নতুন পদক্ষেপ

এনআইডি সংশোধন: সেবা সহজ করতে ইসির নতুন পদক্ষেপ

ট্রাম্পের ঘোষণার পর ২৪ ঘণ্টায় গাজায় সর্বোচ্চ নিহত

ট্রাম্পের ঘোষণার পর ২৪ ঘণ্টায় গাজায় সর্বোচ্চ নিহত

গেজেট প্রকাশে বিলম্ব, নেপথ্যে যে কারণ

নবম পে-স্কেল গেজেট প্রকাশে বিলম্ব, নেপথ্যে যে কারণ

সুদানে আদালত চত্বরে ড্রোন হামলা, নিহত ৩৫

সুদানে আদালত চত্বরে ড্রোন হামলা, নিহত ৩৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App