টানা ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:২০ পিএম
ছবি : সংগৃহীত
গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি শেষে রোববার (৭ জুন) থেকে খুলছে স্কুল ও কলেজ। দীর্ঘ বিরতির পর আবারও শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়। ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের অবকাশ কাটিয়েছে শিক্ষার্থীরা।
তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি গত ৪ জুন (বৃহস্পতিবার) শেষ হয়। এরপর ৫ ও ৬ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুন (রোববার) থেকে আবার পাঠদান শুরু হচ্ছে।
আরো পড়ুন : ‘২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে’
তবে দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তুলনামূলকভাবে আরো বেশি দিন ছুটি চলছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলো স্কুল-কলেজের চেয়ে এক সপ্তাহ বেশি ছুটি পাচ্ছে।
মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন (রোববার) থেকে মাদ্রাসাগুলোতে নিয়মিত পাঠদান শুরু হবে।
