ঢাবিতে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি কার্যক্রমের আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর।
রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
আগামী শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, চারুকলা এবং আইবিএ।
এর মধ্যে চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।
পরীক্ষার সূচি
আইবিএ ইউনিট এর ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর-শনিবার;
বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর-শনিবার;
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর-শনিবার;
চারুকলা ইউনিট এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর-মঙ্গলবার;
ব্যবসায় শিক্ষা ইউনিট এর ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর-শনিবার
আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

পরীক্ষার ধরন
চারুকলা ও আইবিএ ছাড়া সব ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলা ইউনিটে থাকবে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা। আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষার্থীদের মোট ১২০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের ফলাফলের জন্য থাকবে ২০ নম্বর।
এবার প্রথমবারের মতো বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের পাঠ্যক্রম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আবেদনের যোগ্যতা
ভর্তিচ্ছুদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ইউনিটভেদে জিপিএর ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল কমপক্ষে ৮.০০ এবং পৃথকভাবে ৩.৫০ থাকতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য যোগফল ন্যূনতম ৭.৫০ এবং পৃথকভাবে ৩.০০।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে সাধারণভাবে জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫০ ও পৃথকভাবে ৩.০০ থাকতে হবে। চারুকলা ইউনিটে আবেদন করতে জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫০ এবং পৃথকভাবে ৩.০০ প্রয়োজন হবে।
সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস ২৮ মার্চ ২০২৭ তারিখে শুরুর সিদ্ধান্তও গৃহীত হয়।
