একাদশে ভর্তিতে সাড়ে ৯ লাখের বেশি আবেদন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়। এ সময়ের মধ্যে সাড়ে ৯ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছে বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একাদশে ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন প্রক্রিয়া তদারকির দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এখনো আবেদনকারীর সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। তবে বুয়েটের কাছ থেকে পাওয়া তথ্যে সাড়ে ৯ লাখের বেশি আবেদন জমা পড়ার বিষয়টি জানা গেছে।
গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়। ভর্তি নির্দেশনা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পেয়েছেন।
আবেদন শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে ওই শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
