প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পেলে কী হবে, জানালেন শিক্ষামন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো উত্তীর্ণ প্রার্থী নিয়োগপত্র না পেলে বিষয়টি যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টি তাদের নজরে এসেছে।
তিনি জানান, আগামী ১ অক্টোবরের মধ্যে কোনো উত্তীর্ণ প্রার্থী নিয়োগপত্র না পেলে পরবর্তী সময়ে বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যাচাই শেষে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগপত্র পাঠানো হবে।
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন ও ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবেই এ যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
