স্ত্রীকে খোরপোশ দিতে গিয়ে সর্বস্বান্ত হয়েছিলেন কমল হাসান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসান। জীবনে একাধিক সম্পর্ক ও বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে তার। তবে প্রথম স্ত্রী বাণী গণপতির সঙ্গে বিচ্ছেদের পর খোরপোশ দিতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছিলেন বলে একসময় দাবি করেছিলেন এই অভিনেতা।
কমলের এমন বক্তব্যের পাল্টা জবাবও দিয়েছিলেন বাণী। প্রশ্ন তুলেছিলেন, কত টাকা খোরপোশ দিয়েছিলেন যে তাকে নিঃস্ব হতে হয়েছে?২০১৫ সালে মেয়ে শ্রুতি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন কমল। সেখানে প্রথম স্ত্রী বাণীর সঙ্গে বিচ্ছেদের পর আর্থিক দুরবস্থার প্রসঙ্গও উঠে আসে।
কমলের ভাষ্য, বিচ্ছেদের পর খোরপোশের অর্থ পরিশোধ করতে গিয়ে তার সব সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল। এমনকি ব্যাংক অ্যাকাউন্টও শূন্য হয়ে পড়েছিল। নতুন করে জীবন শুরু করতে হয়েছিল ভাড়া বাড়িতে থেকে। তবে সে সময় অভিনয়ের ক্যারিয়ার ভালো চলায় দ্রুত আর্থিক পরিস্থিতি সামলে উঠতে পেরেছিলেন বলে জানান অভিনেতা। কমল বলেছিলেন, ‘সমস্ত খোরপোশের টাকা মেটাতে গিয়ে আমার হাতে আর কিছুই অবশিষ্ট ছিল না।’
তবে অভিনেতার এই বক্তব্য মেনে নেননি বাণী গণপতি। এক সাক্ষাৎকারে কমলের দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। পাল্টা প্রশ্ন তুলে বাণী জানতে চেয়েছিলেন, বিচ্ছেদের পর তাকে কত টাকা খোরপোশ দিতে হয়েছিল যে কমল একেবারে সর্বস্বান্ত হয়ে পড়েছিলেন?
বাণীর মতে, কোনো আদালতই এমন বিপুল অঙ্কের খোরপোশ দেওয়ার নির্দেশ দেয় না, যাতে একজন নারী সারা জীবনের জন্য নিশ্চিন্ত হয়ে যেতে পারেন। কমলের ভাড়া বাড়িতে থাকার দাবিরও বিরোধিতা করেন তিনি। বাণীর ভাষ্য, বিয়ের সময়ও তারা ভাড়া বাড়িতেই থাকতেন। তাই বিচ্ছেদের পর বিশাল প্রাসাদ ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হয়েছিল- এমন ধারণা তৈরি করা ঠিক নয়।
এখানেই থেমে থাকেননি বাণী। কমলকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, ‘কমল কখনো নিজের ভুলের দায় নেন না।’ তার মতে, নিজের সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন; কোনো ক্ষেত্রেই ব্যর্থতার দায় স্বীকার করতে চান না অভিনেতা।
১৯৭৮ সালে বাণী গণপতির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন কমল হাসান। ১৯৮৮ সালে তাদের বিচ্ছেদ হয়। এর মধ্যেই অভিনেতার জীবনে আসেন সারিকা। ১৯৮৬ সালে তাদের প্রথম সন্তান শ্রুতি হাসানের জন্ম হয়। পরে বিয়ে করেন তারা। ১৯৯১ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় মেয়ে অক্ষরা। ২০০৪ সালে সারিকার সঙ্গেও বিচ্ছেদ হয় কমলের।
এরপর অভিনেত্রী গৌতমীর সঙ্গে দীর্ঘ ১৩ বছর একত্রবাসে ছিলেন কমল। ২০১৬ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে। একাধিক সম্পর্ক ও বিচ্ছেদের মধ্য দিয়ে ব্যক্তিগত জীবন নানা সময়ে আলোচনায় এলেও প্রথম স্ত্রী বাণী গণপতির সঙ্গে খোরপোশ নিয়ে তার পুরোনো মন্তব্য ও পাল্টা বক্তব্য এখনো আলোচনার বিষয়।
