‘সম্পর্কে থাকাকালে ওজন কমে, বমিও হতো’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম
ছবি : সংগৃহীত
জীবনের একটি সম্পর্কে প্রায় দুই বছর মানসিক ও শারীরিকভাবে কঠিন সময় পার করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেই অধ্যায় থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেওয়ার পর এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
‘আই অ্যাম উইথ ধন্য ভার্মা’ অনুষ্ঠানে অনুপমা বলেন, ওই সম্পর্কের সময় ধীরে ধীরে নিজের স্বাভাবিক জীবন ও আত্মপরিচয় হারিয়ে ফেলছিলেন তিনি। তবে কার সঙ্গে সম্পর্কে ছিলেন, তার নাম প্রকাশ করেননি অভিনেত্রী।
তার ভাষ্য অনুযায়ী, সম্পর্কটিতে কোনো স্থিরতা ছিল না। কখনো বিচ্ছেদের কথা উঠত, আবার দুদিন পরই সব ঠিক করার চেষ্টা হতো। এ ধরনের টানাপোড়েনের প্রভাব একসময় তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যে পড়তে শুরু করে।
অনুপমা জানান, ওই সময়ে প্যানিক অ্যাটাক, উদ্বেগ, ব্ল্যাকআউট, ওজন কমে যাওয়া এবং বমির মতো নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। এমনকি ডান চোখ অনবরত কাঁপতে থাকায় তাকে শুটিংও বন্ধ রাখতে হয়েছিল।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
অভিনেত্রী বলেন, কোনো কোনো কথোপকথনের পর তিনি এতটাই অসুস্থ হয়ে পড়তেন যে বমি করে ফেলতেন এবং খাবার খাওয়ার অবস্থাও থাকত না। তার ওজন অনেকটা কমে গিয়েছিল। রাতে ঘণ্টার পর ঘণ্টা কান্নার পরও পরদিন সকালে উঠে শুটিংয়ে যেতে হয়েছে তাকে।
এ সময় তার চোখের অশ্রুগ্রন্থিও ফুলে যায়। পরবর্তী সময়ে এ সমস্যার কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল বলে জানান অনুপমা।
সম্পর্কটি থেকে সহজে বেরিয়ে আসতে না পারার কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, বাইরে থেকে বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে তা ততটা নয়। তার কাছে ধীরে ধীরে পুরো সম্পর্কটি মাকড়সার জালের মতো জটিল হয়ে উঠেছিল।
অনুপমার দাবি, একপর্যায়ে বিভিন্ন সমস্যার জন্য তাকেই দায়ী করা হতো। পরিস্থিতি যেন একটি নির্দিষ্ট চক্রের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। পরে তিনি ওই ব্যক্তিকে স্পষ্টভাবে জানান, এই সম্পর্ক তার মানসিক শান্তি নষ্ট করছে এবং এভাবে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের
এরপর ওই ব্যক্তির কথাবার্তার অসংগতি ও মিথ্যাগুলো ধীরে ধীরে তার কাছে পরিষ্কার হতে থাকে। অনুপমা বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুললে এবং সরাসরি মুখোমুখি হলে উল্টো তাকেই সমস্যার কারণ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
সম্পর্কের শেষ দিকে একটি ঘটনা ঘটে, যার পর পুরো পরিস্থিতি তার কাছে স্পষ্ট হয়ে যায় বলে জানান অভিনেত্রী। ওই ঘটনায় দুই পরিবারের সদস্যরাও জড়িয়ে পড়েছিলেন।
অনুপমার ভাষ্য, ঘটনার পর এতদিনের সম্পর্ক যেন মুহূর্তেই ভিন্ন রূপ নেয়। ওই ব্যক্তির সঙ্গে কথা বলার সময় একপর্যায়ে তাকে কঠোর হতে হয়েছিল। কারণ, তার দাবি, ওই ব্যক্তি নিজের কর্মকাণ্ডের কোনো দায়ই নিতে চাইতেন না।
শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুপমা। তিনি জানান, শেষ ১০ সেকেন্ডে ওই ব্যক্তির দিকে তাকিয়ে তার মনে হয়েছিল, এতদিনের ‘মুখোশ’ খুলে গেছে এবং সামনে সম্পূর্ণ অন্য একজন মানুষকে দেখতে পাচ্ছেন তিনি।
এদিকে ২০২৫ সালের শুরুতে অনুপমা পরমেশ্বরন ও অভিনেতা ধ্রুব বিক্রমকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চুম্বনের একটি অযাচাইকৃত ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে অনুপমা ওই সম্পর্কের সঙ্গে কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি। ফলে তার সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে ধ্রুব বিক্রমকে ঘিরে পুরোনো গুঞ্জনের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
