×

ইউরোপ

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, পুলিশের সঙ্গে গোলাগুলির পর বন্দুকধারী আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, পুলিশের সঙ্গে গোলাগুলির পর বন্দুকধারী আটক

ছবি: সংগৃহীত

পোল্যান্ডের ক্রাকো শহরে একটি উন্মুক্ত স্থানে বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। তাদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। ঘটনার পর পুলিশের সঙ্গে বন্দুকধারীর সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে জখম হয় সন্দেহভাজন হামলাকারী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মেইন মার্কেট স্কয়ারে চার নারী ও দুই পুরুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন পোলিশ, একজন ব্রিটিশ এবং বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শহরটির ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে সন্দেহভাজন এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঢুকে যান। এরপর সেখানে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।

পুলিশ আরও জানায়, সামরিক ধাঁচের অস্ত্র ও পোশাক পরিহিত ওই হামলাকারী পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্যও আছেন। তাদের একজনের অবস্থা সংকটাপন্ন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এক সংবাদ সম্মেলনে জানান, তল্লাশির সময় সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। প্রাথমিকভাবে মনে হচ্ছে, নিহত ব্যক্তিরা সন্দেহভাজনের পরিবারের ঘনিষ্ঠ সদস্য।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি পোল্যান্ডের নাগরিক। ঘটনার সময় তার পরনে সামরিক ইউনিফর্মের মতো পোশাক ছিল। সঙ্গে ‘সামরিক ধাঁচের’ অস্ত্র ছিল। ওই ব্যক্তির জব্দ করা গাড়িটি থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।

সন্দেহভাজন ওই ব্যক্তি পোল্যান্ডের সামরিক বাহিনীর সদস্য নন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ। তিনি এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও চিহ্নিত করেছেন।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভ্লাদিস্লাভ বলেন, হাসপাতালে অনেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তাদের মধ্যে একজন পুলিশও আছেন। ওই পুলিশ সদস্য হামলাকারীকে আরও গুলি চালানো থেকে ঠেকাতে ভূমিকা রেখেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি বলেন, সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে নিবৃত করেছে পুলিশ। একাধিক ব্যক্তি জড়িত ছিলেন, এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি আরও বলেন, সন্দেহভাজন হামলাকারী ‘কট্টর ডানপন্থী মতাদর্শে’ অনুপ্রাণিত ছিলেন।। তিনি পোল্যান্ডের নাগরিক। বয়স ২৫ বছর। তার বাড়িতে তল্লাশি করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মারচিন কিয়েরভিনস্কি বলেন, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ওই সন্দেহভাজন ব্যক্তি বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। এ নিয়ে তদন্ত চলছে। এদিকে গুলিতে হতাহতের ঘটনায় ক্রাকো শহরের মেয়র লুকাশ গিবালা আগামী বুধবার পর্যন্ত শোক ঘোষণা করেছেন।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

টানা অষ্টম জয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মাদ্রিদ

টানা অষ্টম জয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মাদ্রিদ

মিস ইউনিভার্সের মুকুট জিতে বিশ্বমঞ্চে যাচ্ছেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের মুকুট জিতে বিশ্বমঞ্চে যাচ্ছেন সামিরা খান মাহি

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App